নিমাইয়ের মুখখানা ভয়ে সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সব খাড়া। ভয় পেলে মানুষের মাথার চুল খাড়া হয়ে যায়, একথা আগে শুনেছি। এই প্রথম স্বচক্ষে দেখলাম। সত্যিই, তাহলে এরকম হয়!

বাঘটা শেষপর্যন্ত নিমাইকে কামড়াল না।

ওকে ছেড়ে দিয়ে গোল হয়ে ঘুরতে লাগল সবার সামনে দিয়ে। ঘুরতে-ঘুরতে থামল আমার সামনে। কেন সে আমাকে পছন্দ করল, তা কে জানে!

এরপর সে একটা অদ্ভুত কান্ড করতে লাগল। আমাকে কামড়াল না বটে, কিন্তু মুখটা তুলে আমার এক বগলের কাছে ঢুঁসো মারল দু-বার।

আমি আঁতকে উঠে বললাম, ‘এ কী! এ কী!’

সরোজবাবু বললেন, ‘ও কিচ্ছু হবে না। ও ঘামের গন্ধ ভালোবাসে। আপনারা গরমের মধ্যে খুব ঘেমে এসেছেন তো!’

আমার সারাশরীর দিয়ে তখন গলগল করে আরও ঘাম বেরোচ্ছে। যদিও জানি পোষা বাঘ, তাহলেও ভয়ে আমার বুকের রক্ত শুকিয়ে যাচ্ছে।

বাঘটা আর-একবার ঢুঁসো মারতেই আমি উঠে দাঁড়ালাম!

সরোজবাবু বলে উঠলেন, ‘দাঁড়াবেন না, দাঁড়াবেন না, দৌড়োবেন না, তাহলে খুব খারাপ হবে।’

কিন্তু ততক্ষণে আমি দাঁড়িয়ে পড়েছি।

আর বাঘটাও দাঁড়িয়ে আমার বুকে দুই থাবা চেপে ধরেছে। আমার ঠিক মুখের সামনে ওর মুখ।

সরোজবাবু বললেন, ‘নড়বেন না সুনীলবাবু, আপনি ওর পিঠে হাত বুলিয়ে দিন!’

সত্যি কথা স্বীকার করতে লজ্জা নেই। আমি তখন এত ভয় পেয়ে গেছি যে, হাত তোলারও ক্ষমতা নেই। সারাশরীর কাঁপছে। নিমাইয়ের মতন আমারও মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল কিনা কে জানে!

একটা কথাই তখন আমার মনে হচ্ছে। আমি যদি অজ্ঞান হয়ে পড়ে যাই, তাহলে বাঘটাও আমার ওপর পড়বে। ও যদি আমাকে নাও কামড়ায়, ওর অত বড়ো শরীরের চাপেই আমি মরে যেতে পারি।

কত মুহূর্ত কাটল জানি না! আর একটুক্ষণ থাকলে আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে পড়ে যেতাম। বাঘটার চোখের দিকে আমার চোখ। সরোজবাবু আরও কত কী বলে যাচ্ছেন, আমার কানে যাচ্ছে না।

এবারে সেই বাঘ হঠাৎ ফ-র-র… শব্দ করল। আর অমনই একরাশ বাঘের থুতু এসে লাগল আমার মুখে আর জামায়।

বাঘটা এবার আমাকে ছেড়ে গদাইলশকরি চালে দুলতে-দুলতে চলে গেল বাগানে।

আমি ধপাস করে বসে পড়লাম চেয়ারে। তাকিয়ে দেখি, শক্তি, পার্থ এবং অন্য বন্ধুরা কেউ সেখানে নেই। সবাই সরে পড়েছে। আমার যেন জীবনীশক্তি আর একটুও বাকি নেই, নড়তে-চড়তে পারছি না, গলা শুকিয়ে কাঠ!

সরোজবাবু বললেন, ‘আপনাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। কোনো অসুবিধে হবে না। তবে রাত্তিরে ঘরের দরজা বন্ধ করবেন না। খৈরি তো সারারাত এখানে ঘুরে বেড়ায়। কোনো ঘরের দরজা বন্ধ দেখলে ধাক্কা মারে। আমরা তো দরজা খুলে শুই। ও বড়োজোর দু-একবার ভেতরে ঢুকে গায়ের গন্ধ শুঁকে চলে যায়।’

আমি আবার তড়াক করে উঠে দাঁড়ালাম। মাথা খারাপ! এই বাংলোয় কেউ আর রাত্তিরে থাকে? রাত্তির বেলা বাঘ এসে ঢুঁসো মারবে।

ব্যাগটা তুলে নিয়ে আমি গুটিগুটি পায়ে চলে এলাম গেটের বাইরে। দেখি যে, অন্য বন্ধুরাও সেখানে সবাই জড়ো হয়েছে। সবাই বলল, ‘রাস্তার ধারে কোথাও শুয়ে থাকব সেও ভালো, কিন্তু এই বাংলোতে রাত কাটাবার কোনো প্রশ্নই ওঠে না!’

সেই রাতেই আমরা উঠে গেলাম পাহাড়ের দিকে।

তাহলে, আমার বুকে যে একটা মস্ত কেঁদো বাঘের থাবার ছাপ আছে, একথাটা মিথ্যে নয়!

এই ঘটনা ঘটেছিল বেশ কিছু বছর আগে।

সেই খৈরি কিন্তু এখন আর বেঁচে নেই। খুব কম বয়সেই সে মারা গেছে। বাঘ নয়, সে ছিল একটা বাঘিনি। আমাদের সে কামড়ায়নি বটে, কিন্তু এর পরে দু-একজন মানুষকে জখম করেছে। বোঝা যাচ্ছিল যে, তাকে ওইভাবে পোষ মানিয়ে রাখার চেষ্টা বৃথা।

তখন তাকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল কয়েকবার।

কিন্তু আশ্চর্য ব্যাপার, প্রত্যেকবারই সে ক্ষতবিক্ষত হয়ে ফিরে এসেছে। মানুষের কাছাকাছি থাকার জন্য তার গায়ে বোধহয় অন্যরকম গন্ধ হয়ে গিয়েছিল, তাই বনের বাঘরা তাকে সহ্য করতে পারত না। অমন একটা মোটাসোটা সুন্দরী বাঘিনি, তবু কোনো বনের বাঘ তাকে পছন্দ করেনি! বারবার অন্য বাঘেরা তাকে আঁচড়ে-কামড়ে, মেরে জঙ্গলের বাইরে তাড়িয়ে দিয়েছে। একবার সেই ক্ষত থেকে সেপটিক হয়ে যায়। তাতেই সে মারা যায়।

বেচারি মানুষের সঙ্গেও থাকতে পারেনি, আবার জঙ্গলেও ঠাঁই পেল না। নদীর ধার থেকে ওকে কোলে করে নিয়ে আসাটাই ভুল হয়েছিল। ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’—এই কথাটা কত সত্যি!