আর একবার পরীক্ষা করে দেখার জন্য সেদিন আর ফেরত দিলুম না কলমটা। সেদিনও বাড়িতে গিয়ে সব লেখা লিখলুম সেই কলমটা দিয়ে। শুধু ইংরেজি নয়, অন্য সাবজেক্টও অনেক সোজা লাগল। পরের দিন আবার সব ক-টা খাতাতেই ফুল মার্কস পেলুম।

সেইজন্যই আর ফেরত দেওয়া হয়নি কলমটা। স্যারের এই কলমে নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে। এই কলম থাকলে আমি ফার্স্ট হয়েও যেতে পারি।

স্যার নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে তাঁর কলমটা অন্য কেউ নিয়ে নিয়েছে। কে নিয়েছে তা বুঝতে পারেননি নিশ্চয়ই। কিন্তু তাঁর ছাত্ররা নিজের থেকে কলমটা ফেরত দেয়নি বলে মনে দুঃখ পেয়েছেন, সেইজন্য আর স্কুলে আসছেন না।

সারাবিকেল আমার মন খারাপ হয়ে রইল। খেলতে যেতে ইচ্ছে করল না। সন্ধ্যেবেলা পড়ায় মন বসল না। রামগোপাল স্যারের বাড়ি বেশিদূরে নয়। কারুকে কিছু না-বলে বেরিয়ে পড়ে ছুটতে লাগলুম।

স্যারের বাড়ি দূর থেকেই দেখেছি, কোনোদিন ভেতরে ঢুকিনি। জানি, স্যার দোতলায় থাকেন। দোতলায় সব ঘরে আলো জ্বলছে।

বাড়ির বাইরে দাঁড়িয়ে রইলুম খানিকক্ষণ। স্যার নিশ্চয়ই খুব রেগে আছেন, আমায় দেখে যদি আরও রেগে যান? আমি কখনো কোনো মাস্টারমশাইয়ের কাছে বকুনি খাইনি!

শেষপর্যন্ত উঠে গেলুম সিঁড়ি দিয়ে।

স্যারের বসবার ঘরে অনেক লোক। স্যারের বন্ধু নিশ্চয়ই সবাই। স্যার পরে আছেন একটা পায়জামা আর গেঞ্জি। সাদা প্যান্ট-শার্ট ছাড়া স্যারকে আমি কখনো দেখিনি। তাই স্যারকে অন্যরকম দেখাচ্ছে।

একবার ভাবলুম, কলমটা দরজার কাছে রেখে চলে যাই। কিন্তু তার আগেই স্যার আমায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, কে?

তিনি উঠে এলেন দরজার কাছে। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম দেওয়াল ঘেঁষে। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে।

আমায় দেখে চিনতে পারলেন স্যার। তিনি বললেন, আরে, তুমি বরুণ মৌলিক না, ক্লাস এইটের? কী ব্যাপার? এসো, এসো, ভেতরে এসো!

আমি সেখান থেকে নড়তেও পারলুম না। আমার গলা থেকে কথাও বেরুলো না।

আমার কাঁধে হাত রেখে স্যার বললেন, কী হয়েছে, বরুণ? আমায় কিছু বলবে?

আমি পকেট থেকে কলমটা বার করে দিয়ে বললুম, স্যার, আপনার এই কলমটা আমার কাছে ছিল, ফেরত দেওয়া হয়নি।

স্যার অবাক হয়ে বললেন, আমার কলম! কিন্তু আমার তো কোনো কলম হারায়নি।

—এটা আমার সঙ্গে বদলা-বদলি হয়ে গিয়েছিল।

—ও, তাই নাকি? তার মানে তোমারটা আমার কাছে? একইরকম দেখছি।

—স্যার, আমায় ক্ষমা করুন। আপনারটা স্পেশাল কলম, এতে আপনার নাম লেখা…

—স্পেশাল! নাম লেখা? দেখি তো?

কলমটা নিয়ে তিনি ঘুরিয়ে দেখে বললেন, এটা বোধহয় কোম্পানির নাম। আমার নামের সঙ্গে মিলে গেছে। আমি তো আগে লক্ষই করিনি। এটা তুমি ফেরত দিতে এলে? না:, এটা তুমিই রাখো।

…স্যার,আপনার এই কলমটা আমার কাছে ছিল,ফেরত দেওয়া হয়নি…

—স্যার, আপনি আমাদের ইস্কুলে আর আসবেন না! আপনি রাগ করেছেন আমাদের ওপর…

আমি আর বলতে পারলুম না, মুখটা নীচু করলুম।

স্যার বললেন, আমি দিল্লিতে একটা কাজ পেয়েছি, সেখানে চলে যেতে হচ্ছে। এ কী বরুণ, তুমি কাঁদছ? তুমি এই রাত্রে।

স্যারও থেমে গেলেন হঠাৎ। একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর বাঁ-হাতের উলটো পিঠ দিয়ে চোখ মুছে ধরা গলায় বললেন, আমি তো আসব মাঝে মাঝে। যখনই কলকাতায় ফিরব, তোমরা এসো দেখা করতে…

আমার কান্না থেমে গেছে। আমি অবাক হয়ে চেয়ে রইলুম স্যারের দিকে। ওনার মতো কড়া মানুষও যে আমাদের মতন কাঁদতে পারেন, তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি।

সেদিনই বুঝলুম, মানুষকে নতুন নতুন ভাবে চেনা যায়।