ড্রাইভারটি সুজয়ের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল। সুজয় বলল, ‘কী হল, কাউকে দরজা খুলতে বলুন।’ সে চমকে গিয়ে বলল, ‘হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।’ তারপর সে তরতর করে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ধাক্কা দিল দরজায়। বেশ কয়েকবার ধাক্কা দেবার পর দরজা খুলে একজন লাঠিয়াল বেরিয়ে এল।

বাবা বললেন, ‘আশ্চর্য তো! লাঠিয়াল বাইরে পাহারা দেবার বদলে দরজা বন্ধ করে ভেতরে বসে আছে!’

লোকটিকে জিজ্ঞেস করলেন, ‘মেজোবাবু কোথায়?’

লোকটি বাবার দিকে চেয়ে রইল, কোনো উত্তর দিল না।

সুজয় বলল, ‘এই লোকটি বোবা!’

ড্রাইভার প্রায় আঁতকে উঠল সুজয়ের কথা শুনে। ফ্যাকাশে মুখে বলল, ‘আপনি কী করে জানলেন?’

এবারে মা আর বাবা খুব অবাক হয়েছেন। দিদি বলল, ‘সত্যি’?

ড্রাইভার বলল, ‘হ্যাঁ, রঘু কথা বলতে পারে না। এই রঘু, মালপত্তর তোল।’

লোকটি লাঠি নামিয়ে রেখে দু-হাতে দুটো সুটকেস তুলে ভেতরে চলে গেল।

ড্রাইভার বলল, ‘আসুন, ওপরে চলুন।’

মা বেশ বিরক্ত হয়েছেন। বাড়িতে অতিথি এলে বাড়ির লোক কেউ অভ্যর্থনা করতে আসবে না?

রঞ্জিতবাবু অবশ্য বলেছিলেন যে তাঁর মেজোমামা বিয়ে করেননি, বাড়িতে অন্য লোক আর বিশেষ কেউ নেই।

দোতলায় অনেকগুলি ঘর তালাবন্ধ। সুজয় ড্রাইভারের আগে আগে এগিয়ে গেল। তারপর বারান্দা ঘুরেই ডানদিকের প্রথম ঘরটার দরজা ঠেলে খুলে ফেলল। যেন সে জানত যে এই ঘরটাই তাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে।

শুধু তাই নয়, সুজয় এরপর বলল, ‘মা, তোমাদের এই ঘর, আমি আর দিদি থাকব তিনতলায়। চল দিদি, আমাদের ঘরটা দেখে আসি।’

বাবা বললেন, ‘কী ব্যাপার বল তো খোকা? তুই এসব কী বলছিস?’

সুজয় মৃদু মৃদু হাসতে লাগল, তার চোখ জ্বলজ্বল করছে, তাকে অন্যরকম দেখাচ্ছে।

বাবা তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, ‘এই খোকা! কী হয়েছে তোর?’

সুজয় বলল, ‘কী জানি! বুঝতে পারছি না। আমার সব কিছুই মনে হচ্ছে আগে থেকে জানা। এবাড়িতে আগেও আমি থেকেছি।’

মা বললেন, ‘ছেলেটা ক্ষেপে গেল নাকি? এবাড়িতে ও আগে আসবে কী করে?’

ড্রাইভারটি অস্ফুটভাবে বলল, ‘ছোটোবাবু! ছোটোবাবু!’ তারপরেই সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। বাবা তাকে ডেকে বললেন, ‘এই যে, আপনি চলে যাচ্ছেন—আপনার বাবুর সঙ্গে দেখা হল না—’

‘বাবুর তো শরীর খারাপ। উনি ঘর থেকে বেরুচ্ছেন না।’

‘ঠিক আছে। ওঁর ঘরেই আমরা যাব।’

‘উনি বলেছেন সন্ধ্যে বেলা দেখা করবেন। আপনাদের কোনো অসুবিধে হবে না। ডাকলেই রঘু আসবে।’

‘ওই লোকটি তো বোবা! যারা বোবা হয়, তারা কালাও হয়। ডাকলে ও শুনবে কী করে?’

‘না না, ও শুনতে পায়। কথা বলতে পারে না। আপনারা বিশ্রাম করুন। আমি চা পাঠিয়ে দিচ্ছি।’

মা এবারে প্রকাশ্যেই বলে ফেললেন, ‘এবাড়িতে আমার একটুও থাকতে ভালো লাগছে না বাপু। রঞ্জিতবাবু এ কোন জায়গায় পাঠালেন আমাদের?’

‘রঞ্জিত তো বলেছিল আমাদের খুব ভালো লাগবে। ওর মেজোমামা আমাদের খুব খাতির করবেন। তিনি খুব আমুদে লোক।’

‘কোথায়! তিনি তো একবার দেখাও করলেন না।’

‘শুনছি তো অসুস্থ। রঞ্জিতের চিঠির উত্তরে তিনি টেলিগ্রাম পাঠিয়ে আমাদের আসতে বলেছেন।’

‘তাতে তো জানাননি যে তিনি অসুস্থ! ও কী! ও কী! ছেলেটার কী হল?’

সুজয় তখন থরথর করে কাঁপতে শুরু করেছে? তার চোখ বুজে গেছে।

বাবা ভয় পেয়ে গিয়ে বললেন, ‘খোকা, খোকা, অমন করছিস কেন?’

সুজয় বলল, ‘আমি ওপরে যাব।’ তারপরেই সে এক দৌড় লাগাল।

‘ও কী? ও কী?’ বলে বাবা, মা, দিদিও ছুটল তার পেছন পেছন।

সুজয় দৌড়োতে দৌড়োতে উঠে এল তিনতলায়। সেখানে ড্রাইভার আর রঘু দাঁড়িয়ে আছে একটা ঘরের দরজার সামনে। দু-জনেরই মুখ শুকনো। সুজয়কে দেখে তারা বেশ ভয় পেয়েছে।

সুজয় হুকুমের সুরে বলল, ‘সরে যাও। দরজা খোলো।’

ড্রাইভার হাতজোড় করে বললে, ‘ছোটোবাবু! ছোটোবাবু! আমার কোনো দোষ নেই!’

সুজয় এক ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। একজন মাঝবয়সি লোক একটা সিল্কের ড্রেসিং গাউন পরে মাথা আঁচড়াচ্ছিল। আওয়াজ শুনে ফিরে তাকাল। লোকটির মাথায় টাক। মুখে কাঁচা-পাকা লম্বা দাড়ি।

সুজয়কে দেখে লোকটিও বেশ ভয় পেয়ে গেল। এক-পা এক-পা করে পিছিয়ে যেতে যেতে বলল, ‘এ কে? এ কে?’ সুজয়ের বাবা-মাও ততক্ষণে পেছনে এসে দাঁড়িয়েছেন। সুজয় তাঁদের দিকে ফিরে বলল, ‘এই লোকটা মেজোবাবু নয়। এ একটা বদমাশ! আগে নায়েবের কাজ করত।’

সিল্কের জোব্বা-পরা লোকটাও ড্রাইভারের মতন বলে উঠল, ‘ছোটোবাবু! ছোটোবাবু!’

সুজয় প্রায় লাফিয়ে গিয়ে লোকটার দাড়ি ধরে এক টান দিতেই সেই দাড়ি খুলে এল হাতে। নকল দাড়ি!

লোকটা বিকট সুরে চিৎকার করতে লাগল, ‘ওরে বাবা রে। মেরে ফেললে রে! ভূত! ভূত! ছোটোবাবু, ছেড়ে দাও আমাকে—আমি সব স্বীকার করছি!’

ড্রাইভার বলল, ‘ছোটোবাবু ঠিকই বলেছেন। এ মেজোবাবু নয়। এ ছিল আগে এবাড়ির নায়েব।’

সুজয়কে দেখে লোকটিও বেশ ভয় পেয়ে গেল…

রঘু আর ড্রাইভার এসে দুমদাম করে লোকটিকে ঘুঁষি মারতে লাগল। সে মাটিতে পড়ে কাতরাতে লাগল।

এরপর আস্তে আস্তে সব জানা গেল। দিন দশেক আগে এ বাড়িতে মেজোবাবু হঠাৎ মারা গেছেন। অন্য ভাইরা সবাই কলকাতায় থাকেন। তাঁরা সে-খবর জানতে পারেননি। ওই নায়েবই ইচ্ছে করে জানায়নি। তার বদলে সে নিজেই মেজোবাবু সেজে এ বাড়ি থেকে সব জিনিসপত্র সরাবার মতলবে ছিল। বাড়ির মধ্যে বাইরের লোক বিশেষ কেউ ঢোকে না। ড্রাইভার আর রঘুকে সে ভয় দেখিয়ে নিজের দলে রেখেছিল।

নায়েব লোকটি বদমাশ হলেও মোটেই সাহসী ছিল না। সুজয়কে দেখেই ভয় পেয়ে গিয়েছিল—পরে সব কথা নিজেই স্বীকার করল।

বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ‘খোকাকে দেখে তোমরা সবাই ভয় পাচ্ছিলে কেন? ছোটোবাবু বলছিলে কেন? নায়েব আর ড্রাইভার জানালো যে এ বাড়ির যিনি বড়োবাবু ছিলেন তাঁর এক ছেলে ছিল ঠিক সুজয়েরই বয়সি, দেখতে অবিকল এরকম। বছর খানেক আগে সে কলকাতা থেকে এখানে বেড়াতে এসে সাপের কামড়ে মারা যায়। সেই ঘটনার পর থেকেই বাবুরা আর এ বাড়িতে আসেন না। মেজোবাবু একলাই এখানে থাকতেন। সুজয়কে দেখে আর তার কথাবার্তার ধরনে ওরা সবাই ভেবেছিল সেই ছোটোবাবুই আবার ফিরে এসেছেন!

বাবা বললেন, ‘কেউ মরে গেলে আবার ফিরে আসে কী করে? তোমাদের এইটুকুও বুদ্ধি নেই?’

ড্রাইভার বলল, ‘ছোটোবাবুকে তো পোড়ানো হয়নি। এ দেশের নিয়ম হচ্ছে, কাউকে সাপে কামড়ালে তার দেহ নদীর জলে ভাসিয়ে দিতে হয়। তাই করা হয়েছিল। লখিন্দর যেমন বেঁচে ফিরে এসেছিলেন, সেইরকম ছোটোবাবুও নিশ্চয়ই ফিরে এসেছেন!’

বাবা সুজয়ের কাঁধে হাত রেখে বললেন, ‘যা:, এ তো আমাদের ছেলে। এ তোমাদের ছোটোবাবু হবে কী করে?’

কিন্তু সুজয় কী করে এখানকার রাস্তাঘাট, এই বাড়ির সব আগে থেকে চিনল? কী করেই বা জানল যে রঘু বোবা আর নায়েবই মেজোবাবু সেজে আছে! কিছুই বোঝা গেল না। সুজয় নিজেও সেকথা বলতে পারল না।

সুজয়ের শরীরে কাঁপুনি নেই। জ্বরভাবও ছেড়ে গেছে। আগের কথা আর তার কিছুই মনে নেই!