“ভাল নয়। আবার রোজ রাত্রেই জ্বর হচ্চে।”

“তা’হলে কিছুদিন বাইরে ঘুরে এলে ত ভাল হয়।” রমেশ হাসিয়া কহিল,—“ভাল ত হয় জানি, কিন্তু, যাই কি ক’রে?” তাহার হাসি দেখিয়া রমা বিরক্ত হইল। কহিল,—“আপনি বল্‌বেন, আপনার অনেক কাজ; কিন্তু এমন কাজ কি আছে, যা নিজের শরীরের চেয়েও বড়?” রমেশ পূর্ব্বের মতই হাসিয়া জবাব দিল,—“নিজের দেহটা যে ছোট জিনিস, তা’ আমি বলিনে। কিন্তু, এমন কাজ মানুষের আছে, যা’ এই দেহটার চেয়ে অনেক বড়,—কিন্তু, সে ত তুমি বুঝবে না রমা!” রমা মাথা নাড়িয়া কহিল,—“আমি বুঝতেও চাইনে। কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে। সরকার মশায়কে ব’লে দিয়ে যান, আমি তাঁর কাজকর্ম্ম দেখ্‌ব!” রমেশ বিস্মিত হইয়া কহিল,—“তুমি আমার কাজকর্ম্ম দেখ্‌বে? কিন্তু—”

“কিন্তু কি?”

“কিন্তু কি জানো রমা, আমি তোমাকে বিশ্বাস কর্‌তে পার্‌ব কি?” রমা অসঙ্কোচে তৎক্ষণাৎ কহিল,—“ইতরে পারে না, কিন্তু আপনি পার্‌বেন।” তাহার দৃঢ়কণ্ঠের এই অচিন্তনীয় উক্তিতে রমেশ বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল। কিন্তু, ক্ষণেক মৌন থাকিয়া বলিল,—“আচ্ছা, ভেবে দেখি।” রমা মাথা নাড়িয়া কহিল, “না, ভাববার সময় নেই,—আজই আপনাকে আর কোথাও যেতে হবে। না গেলে—” বলিতে বলিতেই সে স্পষ্ট অনুভব করিল, রমেশ বিচলিত হইয়া উঠিয়াছে। কারণ, অকস্মাৎ এমন করিয়া না পলাইলে বিপদ্‌ যে কি ঘটিতে পারে, তাহা অনুমান করা কঠিন নয়। রমেশ ঠিকই অনুমান করিল; কিন্তু, আত্ম-সংবরণ করিয়া কহিল,—“ভাল, তাই যদি যাই, তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেল্‌তে তুমি নিজেও ত কম চেষ্টা কর নি যে, আজ আর একটা বিপদে সতর্ক ক’র্‌তে এসেচ! সে-সব কাণ্ড এত পুরাণো হয়নি যে, তোমার মনে নেই। বরং, খুলে বল, আমি গেলে তোমার নিজের কি সুবিধে হয়, আমি চ’লে যেতে হয় ত রাজী হতেও পারি।” বলিয়া সে যে—উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের প্রতি চাহিয়া রহিল, তাহা পাইল না। কত বড় অভিমান যে রমার বুক জুড়িয়া উচ্ছ্বসিত হইয়া উঠিল, তাহাও জানা গেল না, রমেশের নিষ্ঠুর বিদ্রূপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল, তাহাও অন্ধকারে লক্ষ্য-গোচর হইল না। কিছুক্ষণ স্থির হইয়া রমা আপনাকে সামলাইয়া লইল। পরে কহিল,—“আচ্ছা, খুলেই বলচি। আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে।” রমেশ শুষ্ক হইয়া কহিল,—“এই? কিন্তু সাক্ষী না দিলে?” রমা আবার একটুখানি থামিয়া কহিল,—“না দিলে? না দিলে দুদিন পরে আমার মহামায়ার পূজায় কেউ আস্‌বে না, আমার যতীনের উপনয়নে কেউ খাবে না—আমার বার-ব্রত—” এরূপ দুর্ঘটনার সম্ভাবনামাত্রে রমা শিহরিয়া উঠিল। রমেশের আর না শুনিলেও চলিত, কিন্তু থাকিতে পারিল না। কহিল,—“তার পরে?” রমা ব্যাকুল হইয়া বলিল,—“তারও পরে? না তুমি যাও—আমি মিনতি কর্‌চি রমেশদা’,—আমাকে সব দিকে নষ্ট কোরো না; তুমি যাও,—যাও এ দেশ থেকে।” কিছুক্ষণ পর্য্যন্ত উভয়েই নীরব হইয়া রহিল। ইতিপূর্ব্বে যেখানে, যে কোন অবস্থায় হৌক, রমাকে দেখিলেই রমেশের বুকের রক্ত অশান্ত হইয়া উঠিত। মনে মনে শত যুক্তি প্রয়োগ করিয়া, নিজের অন্তরকে সহস্র কটূক্তি করিয়াও তাহাকে শান্ত করিতে পারিত না। হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পাইত, লজ্জা অনুভব করিত, ক্রুদ্ধ হইয়া উঠিত; কিন্তু কিছুতেই তাহাকে বশে আনিতে পারিত না। বিশেষ করিয়া আজ এইমাত্র নিজের গৃহের মধ্যে সেই রমাকে অকস্মাৎ একাকিনী উপস্থিত হইতে দেখিয়া কল্যকার কথা স্মরণ করিয়াই তাহার হৃদয়-চাঞ্চল্য একেবারে উদ্দাম হইয়া উঠিয়াছিল। রমার শেষ কথায় এতদিন পরে আজ সেই হৃদয় স্থির হইল। রমার ভয়-ব্যাকুল নির্ব্বন্ধতায় অখণ্ড স্বার্থপরতার চেহারা এতই সুস্পষ্ট হইয়া উঠিয়াছিল যে, তাহার অন্ধ হৃদয়েরও আজ চোখ খুলিয়া গেল। রমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল,—“আচ্ছা, তাই হবে। কিন্তু আজ আর সময় নেই। কারণ, আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক্‌, আজ রাত্রিটা আমার কাছে তার চেয়েও গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমাকে এখনই বা’র হ’তে হবে।” রমা আস্তে আস্তে বলিল,—“আজ কি কোনমতেই যাওয়া হ’তে পারে না?” “না। তোমার দাসী গেল কোথায়?” “কেউ আমার সঙ্গে আসেনি।” রমেশ অবাক হইয়া বলিল,—“সে কি কথা! এখানে একা এলে কোন্‌ সাহসে? একজন দাসী পর্য্যন্ত সঙ্গে ক’রে আননি!” রমা তেম্‌নি মৃদু স্বরে কহিল,—“তাতেই বা কি হ’ত? সেও ত আমাকে তোমার হাত থেকে রক্ষা ক’র্‌তে পার্‌ত না!” “তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে ত বাঁচাতে পারত! রাত্রি কম হয়নি রাণি!” সেই বহুদিনের বিস্মৃত নাম! সহসা কি একটা বলিবার জন্য রমার অত্যন্ত আবেগ উপস্থিত হইল, কিন্তু সে সংবরণ করিয়া ফেলিল। তাঁর পর শুধু কহিল,—“তাতেও ফল হ’ত না রমেশদা’! অন্ধকার রাত্রি নয়—আমি বেশ যেতে পারব।” বলিয়া আর কোন কথার জন্য অপেক্ষা না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল।

১৬

প্রতি বৎসর রমা ঘটা করিয়া দুর্গোৎসব করিত এবং প্রথম পূজার দিনেই গ্রামের সমস্ত চাষাভুষা প্রভৃতিকে পরিতোষ পূর্ব্বক ভোজন করাইত। ব্রাহ্মণ-বাটীতে মায়ের প্রসাদ পাইবার জন্য এমনি হুড়ামুড়ি পড়িয়া যাইত যে, রাত্রি একপ্রহর পর্য্যন্ত ভাঁড়ে-পাতায় এঁটোতে-কাঁটাতে বাড়ীতে পা ফেলিবার জায়গা থাকিত না। শুধু হিন্দু নয়, পীরপুরের প্রজারাও ভিড় করিতে ছাড়িত না। এবারও সে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আয়োজনের ত্রুটী করে নাই। চণ্ডীমণ্ডপে প্রতিমা ও পূজার সাজ-সরঞ্জাম। নীচে উৎসবের প্রশস্ত প্রাঙ্গণ। সপ্তমীপূজা যথাসময়ে সমাধা হইয়া গিয়াছে। ক্রমে মধ্যাহ্ন অপরাহ্নে গড়াইয়া, তাহাও শেষ হইতে বসিয়াছে। আকাশে সপ্তমীর খণ্ড-চন্দ্র পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল; কিন্তু মুখুয্যে-বাড়ীর মস্ত উঠান জনকয়েক ভদ্রলোক ব্যতীত একেবারে শূন্য, খাঁ খাঁ করিতেছে। বাড়ীর ভিতরে অন্নের বিরাট স্তূপ ক্রমে জমাট বাঁধিয়া কঠিন হইতে লাগিল, ব্যঞ্জনের রাশি শুকাইয়া বিবর্ণ হইয়া উঠিতে লাগিল, কিন্তু এখন পর্য্যন্ত একজন চাষাও মায়ের প্রসাদ পাইতে বাড়ীতে পা দিল না। ‘ইস্‌! এত আহার্য্য-পেয় নষ্ট করিয়া দিতেছে, দেশের ছোট লোকের দল? এত বড় স্পর্দ্ধা!' বেণী হুঁকা হাতে একবার ভিতরে, একবার বাহিরে, হাঁকাহাঁকি দাপাদাপি করিয়া বেড়াইতে লাগিলেন;—“ব্যাটাদের শেখাবো—চাল কেটে তুলে দেব,—এমন ক’র্‌ব, তেমন ক’র্‌ব ইত্যাদি।” গোবিন্দ, ধর্ম্মদাস, হালদার প্রভৃতি এঁরা রুষ্টমুখে অবিশ্রান্ত ঘুরিয়া ঘুরিয়া আন্দাজ করিতে লাগিলেন, কোন্‌ শালার কারসাজিতে এই কাণ্ডটা ঘটিয়াছে! হিন্দু মুসলমান একমত হইয়াছে, এও ত বড় আশ্চর্য্য! এদিকে অন্দরে মাসী ত একেবারে দুর্ব্বার হইয়া উঠিয়াছেন। সেও এক মহামারী ব্যাপার! এই তুমুল হাঙ্গামার মধ্যে শুধু একজন নীরব হইয়া আছে—সে নিজে রমা। একটি কথাও সে কাহারো বিরুদ্ধে কহে নাই,—কাহাকেও দোষ দেয় নাই,—একটা আক্ষেপ বা অভিযোগের কণামাত্র বাক্যও এখন পর্য্যন্ত তাহার মুখ দিয়া বাহির হয় নাই। এ কি সেই রমা? সে যে অতিশয় পীড়িত, তাহাতে লেশমাত্র সন্দেহ নাই। কিন্তু সে নিজে স্বীকার করে না,—হাসিয়া উড়াইয়া দেয়। রোগে রূপ নষ্ট করে—সে যাক্‌। কিন্তু, সে অভিমান নাই, সে রাগ নাই—সে জিদ নাই। ম্লান চোখ-দুটি যেন ব্যথায় ও করুণায় ভরা। একটু লক্ষ্য করিলে মনে হয়, যেন ঐ দুটি সজল আবরণের নীচে রোদনের সমুদ্র চাপা দেওয়া আছে—মুক্তি পাইলে বিশ্বসংসার ভাসাইয়া দিতে পারে। চণ্ডীমণ্ডপের ভিতরের দ্বার দিয়া রমা প্রতিমার পার্শ্বে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবামাত্র শুভানুধ্যায়ীর দল একেবারে তার-স্বরে ছোটলোকদের চোদ্দপুরুষের নাম ধরিয়া গালিগালাজ করিতে লাগিল। রমা শুনিয়া নিঃশব্দে একটুখানি হাসিল। বোঁটা হইতে টানিয়া ছিঁড়িলে মানুষের হাতের মধ্যে ফুল যেমন করিয়া হাসে—ঠিক তেম্‌নি। তাহাতে রাগ-দ্বেষ, আশা-নিরাশা, ভাল-মন্দ কিছুই প্রকাশ পাইল না। সে হাসি সার্থক কি নিরর্থক, তাহাই বা কে জানে!

বেণী রাগিয়া কহিল,—“না না, এ হাসির কথা নয়, এ বড় সর্ব্বনেশে কথা। একবার যখন জান্‌ব, এর মূলে কে?” বলিয়া দুই হাতের নোখ এক করিয়া কহিল,—“তখন এই এম্‌নি ক’রে ছিঁড়ে ফেল্‌ব।” রমা মনে মনে শিহরিয়া উঠিল। বেণী কহিতে লাগিল,—“হারামজাদা ব্যাটারা, এ বুঝিস্‌নে যে, যার জোরে তোরা জোর করিস্‌ সেই রমেশ নিজে যে জেলে ঘানি টান্‌চে! তোদের মার্‌তে কতটুকু সময় লাগে?” রমা কোন কথা কহিল না। যে কাজের জন্য আসিয়াছিল, তাহা শেষ করিয়া নিঃশব্দে চলিয়া গেল। দেড়মাস হইল, রমেশ অবৈধ প্রবেশ করিয়া, ভৈরবকে ছুরি মারার অপরাধে, জেল খাটিতেছে!—মকদ্দমায় বাদীর পক্ষে বিশেষ পরিশ্রম করিতে হয় নাই,—নূতন ম্যাজিষ্ট্রেট সাহেব কি করিয়া পূর্ব্বাহ্ণেই জ্ঞাত হইয়াছিলেন, এ প্রকার অপরাধ আসামীর পক্ষে খুবই সম্ভব এবং স্বাভাবিক। এমন কি, সে ডাকাতি প্রভৃতির সহিত সংশ্লিষ্ট কি না, সে বিষয়েও তাঁহার যথেষ্ট সংশয় আছে। থানার কেতাব হইতেও তিনি বিশেষ সাহায্য পাইয়াছেন। তাহাতে লেখা আছে, ঠিক এই ধরনের অপরাধ সে পূর্ব্বেও করিয়াছে, এবং আরও অনেক প্রকার সন্দেহজনক ব্যাপার তাহার নামের সহিত জড়িত আছে। ভবিষ্যতে পুলিস যেন তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখে, তিনি এ মন্তব্য প্রকাশ করিতেও ছাড়েন নাই। বেশী সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন হয় নাই, তবে রমাকে সাক্ষ্য দিতে হইয়াছিল। সে কহিয়াছিল, “রমেশ বাড়ী ঢুকিয়া আচার্য্য মহাশয়কে মারিতে আসিয়াছিল, তাহা সে জানে। কিন্তু ছুরি মারিয়াছিল কি না, জানে না, হাতে তাহার ছুরি ছিল কি না, তাহাও তাহার স্মরণ হয় না।” কিন্তু এই কি সত্য? জেলার বিচারালয়ে হলফ্‌ করিয়া রমা এই সত্য বলিয়া আসিল; কিন্তু যে বিচারালয়ে হলফ্‌ করার প্রথা নাই, সেখানে সে কি জবাব দিবে! তাহার অপেক্ষা কে অধিক নিঃসংশয়ে জানিত, রমেশ ছুরিও মারে নাই, হাতে তাহার অস্ত্র থাকা ত দূরের কথা, একটা তৃণ পর্য্যন্ত ছিল না। সে আদালতে এ কথা ত কেহ তাহাকে জিজ্ঞাসা পর্য্যন্ত করিবে না, সে কি স্মরণ করিতে পারে এবং কি পারে না! কিন্তু এখানকার আদালতে সত্য বলিবার যে তাহার এতটুকু পথ ছিল না! বেণী প্রভৃতির হাতধরা পল্লী-সমাজ সত্য চাহে নাই। সুতরাং সত্যের মূল্যে তাহাকে যে মিথ্যা অপবাদের গাঢ় কালী নিজের মুখময় মাখিয়া, এই সমাজের বাহিরে আসিয়া দাঁড়াইতে হইবে—এমন ত অনেকেই হইয়াছে—এ কথা সে যে নিঃসংশয়ে জানিত। তা ছাড়া, এত বড় গুরুদণ্ডের কথা, রমা স্বপ্নেও কল্পনা করে নাই। বড় জোর দু’শ-একশ’ জরিমানা হইবে, ইহাই জানিত। বরঞ্চ, বার বার সতর্ক করা সত্ত্বেও রমেশ যখন তাহার কাজ ছাড়িয়া কোনমতেই পলাইতে স্বীকার করে নাই, তখন রাগ করিয়া রমা মনে মনে এ কামনাও করিয়াছিল, হৌক জরিমানা। একবার শিক্ষা হইয়া যাক্‌। কিন্তু সে শিক্ষা যে এমন করিয়া হইবে, রমেশের রোগক্লিষ্ট পাণ্ডুর মুখের প্রতি চাহিয়াও বিচারকের দয়া হইবে না—একেবারে ছয় মাস সশ্রম-কারাবাসের হুকুম করিয়া দিবে—তাহা সে ভাবে নাই। সেই সময়ে রমা নিজে রমেশের দিকে চাহিয়া দেখিতে পারে নাই। পরের মুখে শুনিয়াছিল, রমেশ একদৃষ্টে তাহারই মুখের পানে চাহিয়াছিল, এবং জেলের হুকুম হইয়া গেলে, গোপাল সরকারের প্রার্থনার উত্তরে মাথা নাড়িয়া কহিয়াছিল,—“না। ম্যাজিষ্ট্রেট আমাকে সারাজীবন কারারুদ্ধ করবার হুকুম দিলেও আমি আপিল করিয়া খালাস পেতে চাহি না। বোধ করি, জেল এর চেয়ে ভাল।”