পরে সকলে মিলিয়া আরও খানিকক্ষণ তাহাকে বুঝাইল। তাহার সেই এক কথা—সে জানে না।

কে একজন বলিল-পাকা চোর—

টেঁপি বলিল-বাগানের আমগুলো তলায় পড়বার জো নেই কাকিমা–

শেষোক্ত কথাতেই বোধ হয় সেজ ঠাকরুনের কোন ব্যথায় ঘা লাগিল। তিনি হঠাৎ বাজাখাই রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন—তবে রে পাজি, নচ্ছার চোরের ঝাড়, তুমি জিনিস দেবে না? দেখি তুমি দেও কি না দেও! কথা শেষ না করিয়াই তিনি দুর্গার উপর ঝাপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। বল কোথায় রেখেচিস-বল, এখুনি–বল শিগগির—বল–

টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেজ ঠাকরুনের হাত ধরিয়া বলিল, করেন কি-করেন কি সেজদি-থাকগে আমার কৌটো-ওরকম করে মারেন কেন?–ছেড়ে দিন-থাক, হয়েছে, ছাড়ন, ছিঃ!

টুনি মারা দেখিয়া কঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন-এঃ, রক্ত পড়ছে যে…

দুৰ্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে কেহ লক্ষ করে নাই। বুকের কাপড়ের খানিকটা রক্তরাঙা হইয়া উঠিয়াছে।

টুনির মা বলিলেন,-শিগগির একটু জল নিয়ে আয় টেঁপি-রোয়াকের বালতিতে আছে দ্যাখ–

চেঁচামিচি ও হৈ চৈ শুনিয়া পাশের বাড়ির কামারের বিস্তু-বৌরা ব্যাপার কি দেখিতে আসিল। রানুর মা এতক্ষণ ছিলেন না-দুপুরে খাওয়া-দাওয়ার পরে কামার-বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন–তিনিও আসিলেন।

মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করিতেছিল, সে দিশহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল।

জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে কেন বিমঝিম করিতেছিল, সে দিশহারা ভাবে বসিয়া পড়িল। রানুর মা বলিলেন-আমন করে কি মারে সেজদি?…রোগা মেয়েটা-ছিঃ-

—তোমরা ওকে চেনো নি এখনও। চোরের মার ছাড়া ওষুধ নেই এই বলে দিলুম-মারের এখনও হয়েছে কি-না পাওয়া গেলে ছাড়বো নাকি? হরি রায় আমায় যেন শূলে ফাঁসে দেয় এরপর–

রানুর মা বলিলেন-হয়েচে, এখন একটু সামলাতে দেও সেজদি-যে কাণ্ড করেচো—

টুনির মা বলিল-ওমা, এত হবে জানলে কে কৌটোর কথা বলতো?…চাইনে আমার কৌটো-ওকে ছেড়ে দাও সেজদি—

সেজ ঠাকরুন। এত সহজে ছাড়িতেন। কিনা বলা যায় না, কিন্তু জনমত তাঁহার বিরুদ্ধে রায দিতে লাগিল।. কাজেই তিনি আসামীকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন।

রানুর মা তাহাকে ধরিয়া ওদিকের দরজা খুলিয়া খিড়কিব উঠানে বাহির করিষা দিলেন। বলিলেন—খুব ক্ষণে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি যা হোক! যা, আস্তে আস্তে যা-টেঁপি খিড়কিটা ভালো করে খুলে দে

দুৰ্গা দিশহারা ভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল, মেয়েছেলে ও যাহারা উপস্থিত ছিলসকলে চাহিয়া দেখিতে লাগিল।

একজন বলিল—তবুও তো স্বীকার কন্নে না-কি রকম দেখচো একবার?…চোখ দিয়ে কিন্তু এক ফোটা জল পড়লো না

রানুর মা বলিলেন-জল পড়বে কি, ভয়েই শুকিয়ে গিয়েচে। চোখে কি আর জল আছে? ওইরকম করে মারে সেজাদি।

দ্বাবিংশ পরিচ্ছেদ

গ্রামে বারোয়ারি চড়কপূজার সময় আসিল। গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাঁদার খাতা গাতে বাড়ি বাড়ি চাঁদা আদায় করিতে আসিলেন। হরিহর বলিল, না খুড়ো, এবার আমার এক টাকা চাঁদা ধরাটা অন্যে হয়েছে-এক টাকা দেবার কি আমার অবস্থা? বৈদ্যনাথ বলিলেন-না হে না, এবার নীলমণি হাজরার দল। এ রকম দলটি এ অঞ্চলে কেউ চক্ষেও দেখেনি। এবার পালপাড়ার বাজারে মহেশ স্যা করার বালক-কেত্তিনের দল গাইবে, তার সঙ্গে পাল্লা দেওয়া চাই-ই–

বৈদ্যনাথ এমন ভাব দেখাইলেন যে নিশ্চিন্দিপুরবাসিগণের জীবন-মরণ এই প্রতিযোগিতার সাফল্যের উপর নির্ভর করিতেছে।

অপু একটা কঞ্চি টানিতে টানিতে বাড়ি ঢুকিয়া বলিল-পাকা কঞ্চি বাবা, তোমার খুব ভালো কলম হবে, ডোবার ধারের বাঁশতলায় পড়ে ছিল, কুড়িয়ে আনলাম-পরে সে হাসিমুখে সেটা কতকটা উঁচু করিয়া তুলিয়া দেখাইয়া বলিল, হবে না বাবা তোমার কলম? কেমন পাকা, না?

চড়কের আর বেশি দেরি নাই। বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে। দুৰ্গা ও অপু আহার নিদ্ৰা ত্যাগ করিয়া সন্ন্যাসীদলের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল। অন্য অন্য গৃহস্থ বাড়ি হইতে পুরানো কাপড় দেয়, চাল পয়সা দেয়-কেউ বা ঘড়া দেয়-তাহারা কিছুই দিতে পারে না। দুটো চাল ছাড়া-এজন্য তাঁহাদের বাড়িতে এ দল কোনো বারই আসে না! দশ বারো দিন সন্ন্যাসী-নাচনের পর চড়কের পূর্বরাত্রে নীলপূজা আসিল।

নীলপূজার দিন বৈকালে একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কীটা ভাঙে-এবার দুৰ্গা আসিয়া খবর দিল প্রতি বৎসরের সে গাছটাতে এবার কাঁটা-ভাঙা হইবে না, নদীর ধারে আর একটা গাছ সন্ন্যাসীরা এবার পূর্ব হইতেই ঠিক করিয়াছে। পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া দুৰ্গা ও অপু সেখানে গিয়া জোটে। তারপর কাঁটা-ভাঙার নোচ হইয়া গেলে সকলে চড়কতলাটাতে একবার বেড়াইতে যায়। খেজুরের ডাল দিয়া নীলপূজার মণ্ডপ ঘিরিয়াছে—চড়কতলার মাঠের শ্যাওড়াবন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে। সেখানে ভুবন মুখুজ্যেদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল-রানী, পুটি, টুনু–এদের বাড়িতে কড়া শাসন আছে, দুর্গার মতো টো টো করিয়া যেখানে সেখানে বেড়াইবার সুকুম নাহঁ-অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা চড়কতলা পর্যন্ত আসিয়াছে।

টুনু বলিল-আজ রাত্রে সন্নিসিরা শ্মশান জাগাতে যাবে—

রানী বলিল-আহা, তা বুঝি আর জানিনে? একজন মড়া হবে। তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই ছাতিমতলায়। তাকে আবার বাঁচাবে, তারপর মড়ার মুণ্ড নিয়ে আসবে।-ছাড়া বলতে বলতে আসবে।-ওর সব মন্তর আছে–

দুর্গা বলিল-আমি জানি ওদের ছড়া, শূনবি বলবো?

স্বগগো থেকে এলো রথ নামলো খেতৃতলে চব্বিশ কুটী বাণবৰ্ষা শিবের সঙ্গে চলে– সত্যযুগের মড়া আর শাওল যুগের মাটি শিব শিব বল রে ভাই ঢাকে দ্যাও কাঠি—

পরে হাসিয়া বলে-কেমন চমৎকার এবার গোষ্টবিহারের পুতুল হয়েছে নীলুদা?…দশ কুমোরের বাড়ি দেখে এলাম-দেখিসনি রানু?

পুটি বলিল-সত্যিকার মড়ার মুণ্ড রানুদি?

—নয় তো কি? অনেক রাত্রে যদি আসিস তো দেখতে পাবি। চল ভাই আমরা বাড়ি যাইআজ রাতটা ভালো নয়-আয়রে অপু, দুগগাদি আয়।

অপু বলিল-কেন ভালো নয় রানুদি? কী আজ হবে রাতে?

রানু বলিল-সে সব কথা বলতে নেই-তুই আয় বাড়ি।

অপু গেল না, কিন্তু দুৰ্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল। তারপর হঠাৎ মেঘ করিল, সন্ধ্যার অন্ধকার মেঘে ঘনীভূত করিয়া তুলিল। অপু বাড়ি ফিরিতেছে, পথে জনপ্রাণী নাই, সন্ধ্যা হইতে শ্মশানের ও মড়ার মুণ্ডের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে। মোড়ের বাঁশবনের কাছে আসিয়া মনে হইল কিসের যেন কটুগন্ধ বাহির হইতেছে। সে দ্রুতপদে চলিতে লাগিল। আর একটুখানি গিয়া নেড়ার ঠাকুরমার সঙ্গে দেখা। নেড়ার ঠাকুরমা নীলপূজার নৈবেদ্য হাতে চড়কতলায় পূজা দিতে যাইতেছে। অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে নাই, পরে চিনিয়া বলিল-কিসের গন্ধ বেরিয়েছে। ঠাকুরমা?

বুড়ি বলিল-আজ ওঁরা সব বেবিয়েচেন কিনা?…তারই গন্ধ আর কি—

অপু বলিল—কারা ঠাকুরমা?

–কারা আবার-শিবের দলবল, সন্দেবোলা ওঁদের নাম করতে নেই।–রাম রাম–রাম রাম–

অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল। চারিধারে অন্ধকার সন্ধ্যা, আকাশে কালো মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূতপ্ৰেত-ছোট ছেলের মন বিস্ময়ে, ভয়ে, রহস্যে, অজানার অনুভূতিতে ভরিয়া উঠিল। সে আতঙ্কের সুরে বলিল-আমি কি করে বাড়ি যাবো ঠাকমা!…

বুড়ি বকিয়া উঠিল।’—তা এত রাত করাই বা কেন বাপু আজকের দিনে?…এসো আমার সঙ্গে। নীল পুজোর থালাখানা দিয়ে আসি, তারপর এগিয়ে দেবো’খন। ধন্যি যা হোক—