আম কুড়াতে যাবো আমি
কে কে যাবি আয়?
আমায় দেখে মাঝ পুকুরে
মাছে খাবি খায়।
শাপলা ফুলের ফাঁকে ফাঁকে
পানকৌড়ি সব বসে থাকে;
আমার দিকে ফিরে ফিরে
দুধের গাভী চায়।

কুটুম পাখি বসে ডালে
ডাকছে দেখো অই
আমার বাড়ি আসবে আজই
সেই পুরাতন সই।
দোয়েল কোয়েল টুনটুনিয়ে
গান করে যায় গুনগুনিয়ে
আমি কেবল অবাক হয়ে
এসব চেয়ে রই!

মাঠের পাশে খালে বিলে
ডাকে হাঁসের দল
চলে সেথা বক শালিকের
দ্বন্দ কোলাহল।
নেইকো তাদের কোনো লড়াই
ডাহুক টিয়া পেঁচা চড়াই,
আমরা কুড়াতে যাবো আজি
যাবি কি না বল?

আমার সোনার বাংলাদেশে
নিত্য চলে এই খেলা
এসব দেখে কাটে সময়
হাঠাৎ দেখি নেই বেলা।
সন্ধ্যা হলে ফিরবো ঘরে
সারাটি দিন সাঙ্গ করে
রাতের আকাশে জমে উঠে
চন্দ্র তারার মেলা।