অনেকেই জানে, জলার মধ্যে ওই বাড়িটা ভূতের বাড়ি নয়। ওখানে ডাকাতের আড্ডা। তবু কেউ কেউ সন্ধ্যে বেলা ওদিকে তাকালেই ভয় পায়।

জায়গাটা আগে এরকম জলাভূমি ছিল না। সবুজ মাঠ ছিল, ছোটো ছোটো বাড়িঘর আর একটা শিবমন্দিরও ছিল। আর একটা মস্তবড়ো জমিদার বাড়ি। একবার সেই যে ভয়ংকর বন্যা হল, সুনন্দ তখন বেশ ছোটো, কিন্তু তার বেশ মনে আছে সেই সময়কার কথা। তখন এদিককার সব কিছু জলে ডুবে গিয়েছিল, সুনন্দদের বাড়িও অর্ধেকটা জলের তলায়। দু-দিন বাড়ির সবাই ছাদে উঠে বসেছিল। সেভাবে তো বেশিদিন থাকা যায় না। রান্নাবান্না, খাওয়া-দাওয়া হবে কী করে? জিনিসপত্র সব ফুরিয়ে এসেছে। তা ছাড়া জল যদি আরও বেড়ে যায়?

দু-দিন বাদে মিলিটারিরা নৌকো করে এসে তাদের উদ্ধার করে নিয়ে গিয়েছিল স্কুলবাড়িতে। সে জায়গাটা বেশ উঁচু।

সেই সময়কার একটা স্মৃতি সুনন্দের মনে এখন জ্বলজ্বল করে। নৌকো করে যেতে যেতে চোখে পড়েছিল একটা বাতাবি লেবুর গাছ। প্রচুর বাতাবি লেবু হত সেই গাছে। এত বাতাবি লেবু যে খেয়েও শেষ করা যায় না। রোজ খেতে-খেতে অরুচি হয়ে যায়। সেই বাতাবি লেবু গাছটার অনেকটাই ডুবে গেছে। শুধু উঁচু হয়ে গেছে দুটো ডাল। তার একটা ডালে জড়িয়ে আছে মস্ত বড়ো সাপ আর একটা ডালে একটা বিড়াল। এমনিতে সাপ আর বিড়াল খুব শত্রু, বিড়ালের গায়ে খুব লোম বলে সাপে ছোবল দিতে পারে না। আর সাপের চামড়া হড়হড়ে বলে বিড়ালও কামড়াতে পারে না। দেখা হলে এই দু-জনই রেগে ফোঁস ফোঁস করে। কিন্তু সেদিন বন্যার মধ্যে বিপদে পড়ে কেউ কারুর দিকে ফোঁস ফোঁস করছে না, দু-জনেই তাকিয়ে আছে করুণভাবে।

তারপর এক সময় তো বন্যার জল সরে গেল। কিন্তু ওই দিক অনেকটা ঢালু ছিল বলে সেখানকার জল গেল না। অনেকটা জায়গা, কোনো পুকুর বা দিঘির চেয়েও অনেক বড়ো, প্রায় একটা হ্রদের মতন। লোকে বলে জমিদারের জলা।

বন্যার সময় জমিদার বাড়ির লোকজন অন্য জায়গায় সরে গিয়েছিল নিশ্চয়ই, তারা কেউ আর ফিরে আসেনি। সে বাড়ির একতলাটা এখনও জলের তলায়। নৌকোয় ছাড়া যাওয়ার উপায় নেই। তবু তো সে বাড়িটা এখনও টিকে আছে। অন্য অনেক ছোটো ছোটো বাড়ি আর বেঁচে ওঠেনি। শিবমন্দিরটারও ভগ্নদশা।

সুনন্দদের বাড়ি এই গ্রামের দক্ষিণ পাড়ায়। সে পাড়া ফিরে এসেছে আগের অবস্থায়। স্কুল-বাজার সবই খুলে গেছে অনেক দিন।

সুনন্দ স্কুলের শেষ পরীক্ষা দিয়েছে, এবার সে কলেজে পড়তে যাবে। সুনন্দর ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে, সেজন্য যেতে হবে খড়্গপুরে আইআইটি-তে। সুনন্দ জয়েন্ট পরীক্ষা দিয়ে সেখানেও সুযোগ পেয়ে গেছে। এখন অবশ্য কিছুদিন ছুটি।

সুনন্দদের বাড়ি থেকে জলাভূমির সেই জমিদার বাড়িটা দেখা যায়।

অত বড়ো একটা বাড়ি, কেউ থাকে না সেখানে, সেইজন্যই কেমন যেন রহস্যময় মনে হয়। দোতলা-তিনতলাতেও কতগুলো ঘর, কয়েকটা ঘরের দরজা-জানলা খসে গেছে। কয়েকটা ঘরের জানলা আছে। কোনো কোনো জানলা খোলাই থাকে, আবার জোরে হাওয়া উঠলে বন্ধ হয়ে যায়। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলে এমনিই মনে হয় যেন ঘরের মধ্যে কেউ ঘোরাফেরা করছে।

এক-একদিন রাত্তিরে সে বাড়ির ছাদে দেখা যায় আলো। দুটো-তিনটে আলো, ঠিক মশালের মতন। সে আলোও স্থির থাকে না এক জায়গায়। উঁচু-নীচু। এদিক-ওদিক হয়, ঠিক যেন মনে হয়, কেউ আলোর মশাল নিয়ে সেখানে নাচে।

যে-বাড়িতে কোনো মানুষজন নেই, সে বাড়িতে রাত্তিরে বেশ আলোর নাচ দেখলেই অনেকে ধরে নেয়, এসব ভূতের ব্যাপার। অনেকে ধরে নেয়, সবাই নয়। গ্রামেও কিছু কিছু মানুষ এখন আর ভূতপ্রেতে বিশ্বাস করে না!

সুনন্দ বিজ্ঞানের ছাত্র, সে ভূতের কথা শুনলে হাসে।

ওদের বাড়ির কাজের মেয়ে বাসন্তী ওই আলোর নাচ দেখলেই ভয়ে চিৎকার করতে থাকে। চিৎকার করতে-করতে বলে, ওগো, ওদিকে কেউ তাকিয়ো না। তাকিয়ো না। ভূতের আগুন দেখলে চক্ষু অন্ধ হয়ে যায়!

সুনন্দ তাকে হাসতে-হাসতে বলল, বাসন্তীমাসি, ভূত-ফুতরা তো অন্ধকারের জীব। তারা আলো কিংবা আগুন নিয়ে কারবার করে না।

ভূতের সঙ্গে ফুত বলায় বাসন্তী দু-হাতে কান চাপা দিয়ে, চোখ বুজে দৌড়ে চলে গেল।

ভূত যদি না-হয়, তাহলে কারা ওই বাড়িতে অন্ধকার রাতে আগুন নিয়ে নাচানাচি করবে? সাধারণ মানুষ কেউ ওখানে যাবে না। তাহলে চোর-ডাকাতরা নিশ্চয়ই?

সুনন্দর ছোটোমামা আকাশ বলল, চোর-ডাকাতদের তো গোপনে লুকিয়ে থাকার কথা। তারা আগুনের খেলা দেখিয়ে ওদিকে তাকাতে বাধ্য করবে কেন? তাহলে খুব সম্ভবত আলেয়া।

আলেয়া নিয়ে অনেক রহস্য-কাহিনি আছে। কিন্তু আলেয়া ব্যাপারটা আসলে কী, তা সুনন্দ জানে!

এরকম জলা জায়গায় মাঝে মাঝে এক ধরনের গ্যাস জমে যায়। কখনো-সখনো সেই গ্যাস দপ করে জ্বলে ওঠে। দূর থেকে মনে হয়, কোনো মেয়ে যেন জলের মধ্যে আলো হাতে নিয়ে হেঁটে যাচ্ছে। তাই ওই আলোর নাম দেওয়া হয়েছে আলেয়া।

আসলে মেয়েটেয়ে কেউ থাকে না। ওই আলোও একটু বাদেই নিভে যায়। লোকে ভাবে, অদৃশ্য হয়ে যায় সেই মেয়েটি। অনেক মানুষ সেই আলেয়া দেখলে পাগল হয়ে যায়, এমন গল্পও প্রচলিত আছে।

কিন্তু আলেয়ার আলো সবসময় জলের ওপরেই থাকে। তা তিনতলার বাড়ির ছাদে উঠবে কেন? এটা অসম্ভব!

আকাশ বলল, তাহলে এমন হতে পারে, চোর-ডাকাতরা এ আলো দেখিয়ে দূরে ওদের দলের লোকেদের কিছু সিগন্যাল দেয়। সেটা শুধু তারাই বোঝে, অন্য কেউ বোঝে না।

ও বাড়িতে সাধারণ মানুষ কেউ যায় না। তবু, আকাশ সুনন্দকে বলল, চল না, নৌকো করে আমরা ওই বাড়িটা একবার ঘুরে আসি। চোর-ডাকাতরা আমাদের দেখে কী করবে? আমরা তো পুলিশ নই, তাদের ধরতেও যাচ্ছি না। জমিদারদের বাড়িতে যে-কেউ যেতে পারে।

মা-বাবা শুনে দারুণ আপত্তি করলেন। তারা বললেন, কী দরকার ওইসব ঝামেলা করবার? একেই বলে, সুখে থাকতে ভূতের কিল খাওয়া। না যেতে হবে না।

কিন্তু আকাশ খুব জেদি আর সাহসী। সুনন্দরও যাওয়ার খুব ইচ্ছে। কিন্তু বাবা-মায়ের সঙ্গে তর্ক করে সে জিততে পারত না। বাবা যদি বলতেন, যেতে হবে না, ব্যস। তাহলে আর কথা নেই।

কিন্তু আকাশ বারবার বলতে লাগল, অত পুতুপুতু করলে জীবনে কিছুই হয় না। এমনকী ইঞ্জিনিয়ার হতে গেলেও সাহস থাকা দরকার।

গ্রামের বিজ্ঞান চেতনা সমিতির তিনটি ছেলেও দলে জুটে গেল।

নদী থেকে তুলে আনা হল নৌকো। জোগাড় করা হল পাঁচখানা লাঠি। একেবারে শেষ মুহূর্তে এসে এই দলে যোগ দিলেন বিশু চৌধুরি। তিনি গ্রামসুদ্ধ সবারই বিশু কাকা। একসময় মিলিটারিতে ছিলেন। এখন ফুটবল খেলার রেফারি হন।

এই বিশু চৌধুরির আছে একটা রাইফেল। কিন্তু তাঁর কাছে একটাও গুলি নেই। অনেকদিন গুলি জোগাড় করা হয়নি। রাইফেলের গুলি চালাবার কোনো দরকারও হয়নি। বিশু চৌধুরির ধারণা, শুধু রাইফেল দেখলেই বিশ্বসুদ্ধ সবাই ভয় পাবে।

সুনন্দরা যখন নৌকোটায় সবেমাত্র উঠেছে, তখনই বিশু চৌধুরি কাঁধে রাইফেল নিয়ে এসে বললেন, ওরে, আমিও তোদের সঙ্গে যাব। যদি ডাকাত-ফাকাত থাকে, ধরে নিয়ে আসব।

নৌকোটা চালাতে লাগল মমতাজ আর সুদীপ নামে দু-টি ছেলে, ওরা বিজ্ঞান চেতনা সমিতির সদস্য।

নৌকোটা এসে থামল জমিদার বাড়ির দোতলার একটি ঘরের জানলার সামনে। জানলাটা আছে ঠিকই কিন্তু কোনো গ্রিল কিংবা শিক নেই, সেইজন্য—নামা গেল ঘরের মধ্যে।

বিশু চৌধুরি রাইফেলটা বাগিয়ে ধরে বললেন, আমি আগে যাব, তোরা আমার পেছন পেছন আয়।

এই ঘরের মধ্যেও ছপ ছপ করছে জল। তারপর একটা বারান্দা। একতলাটা একেবারে জলে ভরতি, সেই জলে কয়েকটা শোল মাছ ঘোরাফেরা করছে দেখা যায়। একতলার সিঁড়িটাও ভেঙে গেল।