কিছু না, আমি কেবল তাহার বসিবার ভঙ্গিটুকু দেখিতে পাইতেছিলাম৷ কোলের উপরে একটি হাতের উপর আর-একটি হাত স্থির পড়িয়া আছে, মাথাটি দেয়ালের উপরে হেলানাে, খােলা চুল বাম কাঁধের উপর দিয়া বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে। আমার বুকের ভিতরটা হুহু করিয়া উঠিল৷

আমার নিজের জীবনটা এমনি কানায় কানায় ভরিয়াছে যে, আমি কোথাও কোনাে শূন্যতা লক্ষ করিতে পারি নাই। আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম৷ কেমন করিয়া কী দিয়া আমি তাহা পূরণ করি৷

আমাকে তাে কিছুই ছাড়িতে হয় নাই৷ না আত্মীয়, না অভ্যাস, না কিছু হৈম-যে সমস্ত ফেলিয়া আমার কাছে আসিয়াছে৷ সেটা কতখানি তাহা আমি ভালাে করিয়া ভাবি নাই৷ আমাদের সংসারে অপমানের কন্টকশয়নে সে বসিয়া, সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি৷ সেই দুঃখে হৈমর সঙ্গে আমার যােগ ছিল, তাহাতে আমাদিগকে পৃথক করে নাই। কিন্তু, এই গিরিনন্দিনী

সতেরাে বৎসরকাল অন্তরে বাহিরে কত বড় একটা মুক্তির মধ্যে মানুষ হইয়াছে৷ কী নির্মল সত্যে এবং উদার আলােকে তাহার প্রকৃতি এমন ঋজু শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে। তাহা হইতে হৈম যে কিরূপ নিরতিশয় ও নিষ্ঠুররূপে বিচ্ছিন্ন হইয়াছে এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারি নাই, কেননা সেখানে তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না।

হৈম যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল৷ তাহাকে আমি সব দিতে পারি কিন্তু মুক্তি দিতে পারি না-- তাহা আমার নিজের মধ্যে কোথায় ? সেইজন্যই কলিকাতার গলিতে ঐ গরাদের ফাক দিয়া নির্বাক, আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয় ; এবং এক-একদিন রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়া দেখি সে বিছানায় নাই ; হাতের উপর মাথা রাখিয়া আকাশ-ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাতে শুইয়া আছে৷

মার্টিননা পড়িয়া রহিল৷ ভাবিতে লাগিলাম, কী করি৷ শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না-- কখনাে মুখােমুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না। সেদিন থাকিতে পারিলাম না। লজ্জার মাথা খাইয়া তাঁহাকে বলিয়া বসিলাম, “বউয়ের শরীর ভালাে নয়, তাহাকে একবার বাপের কাছে পাঠাইলে হয়।”

বাবা তাে একেবারে হতবুদ্ধি৷ মনে লেশমাত্র সন্দেহ রহিল না যে, হৈমই এরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে৷ তখনই তিনি উঠিয়া অন্তঃপুরে গিয়া হৈমকে জিজ্ঞাসা করিলেন,“বলি, বউমা, তােমার অসুখটা কিসের।”

হৈম বলিল, “অসুখ তাে নাই।” বাবা ভাবিলেন, এ উত্তরটা তেজ দেখাইবার জন্য। কিন্তু, হৈমর শরীরও যে দিনে দিনে শুকাইয়া যাইতেছিল তাহা আমরা প্রতিদিনের অভ্যাসবশতই বুঝি নাই৷ একদিন বনমালীবাবু তাহাকে দেখিয়া চমকিয়া উঠিলেন, “অ্য, এ কী! হৈমী, এ কেমন চেহারা তাের! অসুখ করে নাই তাে ?”

হৈম কহিল, “না”

এই ঘটনার দিনদশেক পরেই, বলা নাই, কহা নাই, হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত৷ হৈমর শরীরের কথাটা নিশ্চয় বনমালীবাবু তাঁহাকে লিখিয়াছিলেন৷ | বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অশ্রু চাপিয়া নিয়াছিল৷ এবার মিলনের দিন বাপ যেমনি তাহার চিবুক ধরিয়া মুখটি তুলিয়া ধরিলেন অমনি হৈমর চোখের জল আর মানা মানিল না৷ বাপ একটি কথা বলিতে পারিলেন না, জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না ‘কেমন আছিস। আমার শ্বশুর তাঁহার মেয়ের মুখে এমন একটা-কিছু দেখিয়াছিলেন যাহাতে তাঁহার বুক ফাটিয়া গেল৷

হৈম বাবার হাত ধরিয়া তাঁহাকে শােবার ঘরে লইয়া গেল৷ অনেক কথা যে জিজ্ঞাসা করিবার আছে৷ তাহার বাবারও যে শরীর ভালাে দেখাইতেছে না।

বাবা জিজ্ঞাসা করিলেন, “বুড়ি, আমার সঙ্গে যাবি ?” হৈম কাঙালের মতাে বলিয়া উঠিল, “যাব।” বাপ বলিলেন, “আচ্ছা,সব ঠিক করিতেছি।”

শ্বশুর যদি অত্যন্ত উদবিগ্ন হইয়া না থাকিতেন তাহা হইলে এ-বাড়িতে ঢুকিয়াই বুঝিতে পারিতেন, এখানে তাঁহার আর সেদিন নাই৷ হঠাৎ তাঁহার আবির্ভাবকে উপদ্রব মনে করিয়া বাবা তাে ভালাে করিয়া কথাই কহিলেন না৷ আমার শ্বশুরের মনে ছিল তাঁহার বেহাই একদা তাঁহাকে বার বার করিয়া আশ্বাস দিয়াছিলেন যে, যখন তাঁহার খুশি মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইতে পারিবেন৷ এ সত্যের অন্যথা হইতে পারে সে কথা তিনি মনেও আনিতে পারেন নাই৷

বাবা তামাক টানিতে টানিতে বলিলেন, “বেহাই, আমি তাে কিছু বলিতে পারি না, একবার তা হলে বাড়ির মধ্যে-- | বাড়ির-মধ্যের উপর বরাত দেওয়ার অর্থ কী আমার জানা ছিল৷ বুঝিলাম, কিছু হইবে না৷ কিছু হইলও না৷

বউমার শরীর ভালাে নাই! এত বড়াে অন্যায় অপবাদ!

শ্বশুরমশায় স্বয়ং একজন ভালাে ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন৷ ডাক্তার বলিলেন,“বায়ু-পরিবর্তন আবশ্যক, নহিলে হঠাৎ একটা শক্ত ব্যামাে হইতে পারে।”

বাবা হাসিয়া কহিলেন,“হঠাৎ একটা শক্ত ব্যামাে তাে সকলেরই হইতে পারে। এটা কি আবার একটা কথা

আমার শ্বশুর কহিলেন, “জানেন তাে, উনি একজন প্রসিদ্ধ ডাক্তার, উহার কথাটা কি--”।

বাবা কহিলেন, “অমন ঢের ডাক্তার দেখিয়াছি৷ দক্ষিণার জোরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সকল ডাক্তারেরই কাছে সব রােগের সার্টিফিকেট পাওয়া যায়!” এই কথাটা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন৷ হৈম বুঝিল, তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে। তাহার মন একেবারে কাঠ হইয়া গেল৷

আমি আর সহিতে পরিলাম না৷ বাবার কাছে গিয়া বলিলাম, “হৈমকে আমি লইয়া যাইব।”

বাবা গর্জিয়া উঠিলেন, “বটে রে-- ইত্যাদি ইত্যাদি৷

বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন, যাহা বলিলাম তাহা করিলাম না কেন৷ স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তাে হইত৷ গেলাম না কেন ? কেন! যদি লােকধর্মের কাছে সত্যধর্মকে না ঠেলিব, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব, তবে আমার রক্তের মধ্যে বহুযুগের যে শিক্ষা তাহা কী করিতে আছে৷ জান তােমরা ? যেদিন অযােধ্যার লােকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম৷ আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে আমিও যে তাহাদের মধ্যে একজন৷ আর, আমিই তাে সেদিন লােকরঞ্জনের জন্য স্ত্রীপরিত্যাগের গুণবর্ণনা করিয়া মাসিকপত্রে প্রবন্ধ লিখিয়াছি৷ বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখিতে হইবে, সে কথা কে জানিত৷

পিতায় কন্যায় আর-একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল৷ এইবারেও দুইজনেরই মুখে হাসি৷ কন্যা হাসিতে হাসিতেই ভৎসনা করিয়া বলিল, “বাবা, আর যদি কখনাে তুমি আমাকে দেখিবার জন্য এমন ছুটাছুটি করিয়া এ বাড়িতে আস তবে আমি ঘরে কপাট দিব।”

বাপ হাসিতে হাসিতেই বলিলেন,“ফের যদি আসি তবে সিধকাটি সঙ্গে করিয়াই আসিব।”

ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্যও দেখি নাই৷৷

তাহারও পরে কী হইল সে কথা আর বলিতে পারিব না৷

শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন৷ হয়তাে একদিন মার অনুরােধ অগ্রাহ্য করিতে পারিব না, হইও সম্ভব হইতে পারে। কারণ-- থাক আর কাজ কী!

 

জ্যৈষ্ঠ, ১৩২১