মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, “তুমি জান না”। হৈম কহিল,“আমি জানি, আমার বয়স সতেরাে।” দিদিমারা পরস্পর গা-টেপাটেপি করিলেন৷

বধুর নির্বুদ্ধিতায় রাগিয়া উঠিয়া মা বলিলেন, “তুমি তাে সব জান! তােমার বাবা যে বলিলেন, তােমার বয়স এগারাে।”

হৈম চমকিয়া কহিল, “বাবা বলিয়াছেন ? কখনাে না।”

মা কহিলেন, “অবাক করিল৷ বেহাই আমার সামনে নিজের মুখে বলিলেন, আর মেয়ে বলে কখনাে না?” এই বলিয়া আর-একবার চোখ টিপিলেন৷

এবার হৈম ইশারার মানে বুঝিল৷ স্বর আরাে দৃঢ় করিয়া বলিল, “বাবা এমন কথা কখনােই বলিতে পারেন না।”

মা গলা চড়াইয়া বলিলেন, “তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস ?” হৈম বলিল, “আমার বাবা তাে কখনােই মিথ্যা বলেন না।”

ইহার পরে মা যতই গালি দিতে লাগিলেন কথাটার কালি ততই গড়াইয়া ছড়াইয়া চারি দিকে লেপিয়া গেল!

মা রাগ করিয়া বাবার কাছে তাঁহার বধূর মূঢ়তা এবং ততােধিক একগুয়েমির কথা বলিয়া দিলেন৷ বাবা হৈমকে ডাকিয়া বলিলেন,“আইবড়

মেয়ের মেয়ের বয়স সতেরাে, এটা কি খুব একটা গৌরবের কথা, তাই ঢাক। পিটিয়া বেড়াইতে হইবে ? আমাদের এখানে এ-সব চলিবে না, বলিয়া রাখিতেছি।”

হায় রে, তাঁহার বউমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম স্বর আজ একেবারে এমন বাজখাঁই খাদে নাবিল কেমন করিয়া৷

হৈম ব্যথিত হইয়া প্রশ্ন করিল, “কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কী বলিব।”

বাবা বলিলেন, “মিথ্যা বলিবার দরকার নাই, তুমি বলিয়াে ‘আমি জানি না, আমার শাশুড়ি জানেন।”

কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হৈম এমন ভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন, তাঁহার সদুপদেশটা একেবারে বাজে খরচ হইল৷

হৈমর দুর্গতিতে দুঃখ করিব কী, তাহার কাছে আমার মাথা হেঁট হইয়া গেল৷ সেদিন দেখিলাম, শরৎপ্রভাতের আকাশের মতাে তাহার চোখের সেই সরল উদার দৃষ্টি একটা কী সংশয়ে ম্লান হইয়া গেছে৷ ভীত হরিণীর মতাে সে আমার মুখের দিকে চাহিল। ভাবিল, ‘আমি ইহাদিগকে চিনি না।

সেদিন একখানা শৌখিন-বাঁধাই-করা ইংরাজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম৷ বইখানি সে হাতে করিয়া লইল এবং আস্তে আস্তে কোলের উপর রাখিয়া দিল, একবার খুলিয়া দেখিল না৷

আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম, “হৈম, আমার উপর রাগ করিয়াে না৷ আমি তােমার সত্যে কখনাে আঘাত করিব না, আমি যে তােমার সত্যের বাঁধনে বাঁধা৷”

হৈম কিছু না বলিয়া একটুখানি হাসিল৷ সে হাসি বিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনাে কথা বলিবার দরকার নাই৷

পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নূতন উৎসাহে আমাদের বাড়িতে পূজার্চনা চলিতেছে। এ পর্যন্ত সে-সমস্ত

ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই! নূতন বন্ধুর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল ; সে বলিল, “মা, বলিয়া দাও কী করিতে হইবে।”

ইহাতে কাহারাে মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয়, কারণ সকলেরই জানা ছিল, মাতৃহীন প্রবাসে কন্যা মানুষ৷ কিন্তু কেবলমাত্র হৈমকে লজ্জিত করাই এই আদেশের হেতু৷ সকলেই গালে হাত দিয়া বলিল, “ওমা, এ কী কাণ্ড। এ কোন্ নাস্তিকের ঘরের মেয়ে৷ এবার এ সংসার হইতে লক্ষ্মী ছাড়িল, আর দেরি নাই।”

এই উপলক্ষে হৈমর বাপের উদ্দেশে যাহা-না-বলিবার তাহা বলা হইল। যখন হইতে কটুকথার হাওয়া দিয়াছে, হৈম একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে৷ একদিনের জন্য কাহারাে সামনে সে চোখের জলও ফেলে নাই। আজ তাহার বড়াে বড়াে দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল৷ সে উঠিয়া দাড়াইয়া বলিল, “আপনারা জানেন-- সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে ?”

ঋষি বলে! ভরি একটা হাসি পড়িয়া গেল৷ ইহার পরে তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায়ই বলা হইত, তােমার ঋষিবাবা! এই মেয়েটির সকলের চেয়ে দরদের জায়গাটি যে কোথায় তাহা আমাদের সংসার বুঝিয়া লইয়াছিল৷

বস্তুত, আমার শ্বশুর ব্রাহ্মও নন, খৃস্টানও নন, হয়তাে বা নাস্তিকও না হইবেন৷ দেবার্চনার কথা কোনােদিন তিনি চিন্তাও করেন নাই৷ মেয়েকে তিনি অনেক পড়াইয়াছেন-শুনাইয়াছেন, কিন্তু কোনােদিনের জন্য দেবতা সম্বন্ধে তিনি তাহাকে কোনাে উপদেশ দেন নাই৷ বনমালীবাবু এ লইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন৷ তিনি বলিয়াছিলেন, “আমি যাহা বুঝি না তাহা শিখাইতে গেলে কেবল কপটতা শেখানাে হইবো”।

অন্তঃপুরে হৈমর একটি প্রকৃত ভক্ত ছিল, সে আমার ছােটো বােন নারানী৷ বউদিদিকে ভালােবাসে বলিয়া তাহাকে অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল৷ সংসারযাত্রায় হৈমর সমস্ত অপমানের পালা আমি তাহার কাছেই শুনিতে পাইতাম৷ একদিনের জন্যও আমি হৈমর কাছে শুনি নাই৷ এ-সব কথা সংকোচে

সে মুখে আনিতে পারিত না৷ সে সংকোচ নিজের জন্য নহে৷৷

হৈম তাহার বাপের কাছ হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত৷ চিঠিগুলি ছােটো কিন্তু রসে ভরা৷ সেও বাপকে যত চিঠি লিখিত সমস্ত আমাকে দেখাইত৷ বাপের সঙ্গে তাহার সম্বন্ধটিকে আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না৷ তাহার চিঠিতে শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনাে নালিশের ইশারাটুকুও ছিল না৷ থাকিলে বিপদ ঘটিতে পারিত৷ নারানীর কাছে শুনিয়াছি, শ্বশুরবাড়ির কথা কী লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খােলা হইত৷

চিঠির মধ্যে অপরাধের কোনাে প্রমাণ না পাইয়া উপরওয়ালাদের মন যে শান্ত হইয়াছিল তাহা নহে৷ বােধ করি তাহাতে তাঁহারা আশাভঙ্গের দুঃখই পাইয়াছিলেন৷ বিষম বিরক্ত হইয়া তাঁহারা বলিতে লাগিলেন, “এত ঘন ঘন চিঠিই বা কিসের জন্য ?” বাপই যেন সব, আমরা কি কেহ নই।” এই লইয়া অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল। আমি মুগ্ধ হইয়া হৈমকে বলিলাম, “তােমার বাবার চিঠি আর-কাহাকেও না দিয়া আমাকেই দিয়াে৷ কলেজে যাইবার সময় আমি পােস্ট করিয়া দিব।”

হৈম বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, “কেন?” আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না৷

বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল, “এইবার অপুর মাথা খাওয়া হইল৷ বি.এ. ডিগ্রি শিকায় তােলা রহিল৷ ছেলেরই বা দোষ কী?”

সে তাে বটেই৷ দোষ সমস্তই হৈমর৷ তাহার দোষ যে তাহার বয়স সতেরাে ; তাহার দোষ যে আমি তাহাকে ভালােবাসি ; তাহার দোষ যে বিধাতার এই বিধি, তাই আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত আকাশ আজ বাশি বাজাইতেছে।

বি.এ.ডিগ্রি অকাতরচিত্তে আমি চুলায় দিতে পারিতাম কিন্তু হৈমর কল্যাণে পণ করিলাম, পাস করিবই এবং ভালাে করিয়াই পাস করিব। এ পণ রক্ষা করা আমার সে-অবস্থায় যে সম্ভবপর বােধ হইয়াছিল তাহার দুইটি কারণ ছিল-- এক তাে হৈমর ভালােবাসার মধ্যে এমন একটি আকাশের বিস্তার ছিল যে, সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না, সেই ভালােবাসার চারি

দিকে ভারি একটি স্বাস্থ্যকর হাওয়া বহিত৷ দ্বিতীয়, পরীক্ষার জন্য যে বইগুলি পড়ার প্রয়ােজন তাহা হৈমর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না৷

পরীক্ষা পাসের উদ্যােগে কোমর বাঁধিয়া লাগিলাম৷ একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরের ঘরে বসিয়া মার্টিনাের চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপথগুলা ফাড়িয়া ফেলিয়া নীল পেনসিলের লাঙল চালাইতেছিলাম, এমন সময় বাহিরের দিকে হঠাৎ আমার চোখ পড়িল৷।

আমার ঘরের সমুখে আঙিনার উত্তর দিকে অন্তঃপুরে উঠিবার একটা সিঁড়ি৷ তাহারই গায়ে গায়ে মাঝে মাঝে গরাদে-দেওয়া এক-একটা জানলা৷ দেখি তাহারই একটি জানলায় হৈম চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া৷ সে দিকে মল্লিকদের বাগানে কাঞ্চনগাছ গােলাপি ফুলে আচ্ছন্ন।

আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল, মনের মধ্যে একটা অনবধানতার আবরণ ছিড়িয়া পড়িয়া গেল৷ এই নিঃশব্দ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই!