এহেন মুরারি কিন্তু সবাইকে অবাক করে দিল। দু-তিন বছর নষ্ট হলো তার। কিন্তু সে ম্যাট্রিক পাস করে ফেলল এবং প্রথম বিভাগে। বাপ-মা তো তার ভবিষ্যতের আশা ছেড়েই দিয়েছিলেন। তবু নসিব ফেরে। পাতা-চাপা আর পাথর-চাপা কপালে তফাত আছে।

এখানে দেখা গেল, কপাল প্রথম পর্যায়ে পড়ে। খুব ভালো রেজাল্ট, মুরারি আই-এ পাস করে ফেলল। বাপ-মা খাতিরজমা। দু-তিন বছর উপর্যুপরি কেটে গেছে। আর বোধ হয় মাথার গেরো নেই।

তা ছাড়া ম্যাট্রিক পাসের পর যখন মুরারির মামা বিজয়বাবু ওকে শহরে কলেজে ভর্তির প্রস্তাব দিয়েছিলেন, মুরারির মা বেঁকে বসেছিলেন, “দাদা, চাষিবাসির ছেলে অত ‘নেকাপড়ায়’ কাজ নেই। মুরারি আমার কাছে থাকবে। স্বাভাবিক হলে আলাদা কথা ছিল। ওকে শহরে পাঠাব না।”

বিজয়বাবু এই এলাকায় সকলের শ্রদ্ধাভাজন। কৃষক-পল্লী থেকে ম্যাট্রিক পাস করে কেরানির চাকরি পেয়েছেন। তা কম গৌরবের কথা নয়। তাঁর কথার দাম আছে। বোন নিজের মতামত দিল। কিন্তু ভগ্নীপতির শ্যালকের মতে মত। শ্যালক বয়সে বড়। তদুপরি সরকারি চাকুরে। বোনের বায়না টিকল না। তা ছাড়া শহরে কলেজের পড়ার হাতছানি মুরারিকে বেশ উত্তেজিত রেখেছিল। মাকে সে নিজের রাস্তায় টেনে নিয়ে এলো সহজে।

দু’বছর পর বিজয়বাবুর মর্যাদা প্রায় দেবতার পর্যায়ে পৌঁছায় আর কী। তাঁর ভবিষ্যদ্বাণী সব অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। যাকে সবাই বাতিল করে দিয়েছিল, সে পরীক্ষায় অমন ফল দেখাবে, কেউ ভাবতে পারেনি।

মুরারি বি-এ ক্লাসে ভর্তি হলো। শহরের পথঘাট চেনা হয়ে গেছে। চালচলন রপ্ত হতে বেশি দেরি লাগেনি। ফিটফাট থাকে সে। মাথার চুল বেশ পরিপাটি করে রাখে। কিন্তু টেরি কাটে না। তার বাবা বলেন, অমন টেরিকাটা ছেলেরা নাকি গোল্লায় যায় আর ওরা দুশ্চরিত্র হয়। মামা বিজয়বাবুও সেই পন্থী। মুরারি তা মেনে নিয়েছিল।

এককথায়, শহুরে দু’বছর বসবাসের ফলে মুরারি আদব-কায়দায় পিছিয়ে পড়ে থাকেনি। ছুটিতে গাঁয়ে ফিরলে বাবা খুব আনন্দিত হতেন। মা তো ঠাকুরের সিন্নি মানত, পুত্রের কল্যাণ-প্রার্থনায়। এক নয়, কত ঠাকুরের, তা তাঁরই জানা। বিজয়বাবু প্রায়ই বলতেন, ‘তোমার এই ছেলে আখেরে কাজ দেবে।’ ভগ্নীপতি এমন কথার জবাব দিতেন বৈকি, ‘দাদা, আপনি ওকে আশীর্বাদ করুন, ও যেন সুস্থ থাকে। নইলে ওর কাছে থেকে আমি কিছু পিত্যেশ করি নে।’

সবই ঠিকঠিক চলছিল। মুরারির বি-এ ক্লাসে কয়েক মাস কেটে গেল। প্রথম প্রথম কলেজের ডিবেটিং, অন্যান্য অনুষ্ঠানে সে যোগ দিত না। ইদানীং শুধু যোগ না, সে রীতিমতো শরিক হতে লাগল। ছড়িয়ে পড়ল মুরারির খ্যাতি ভালো ডিবেটার হিসেবে। আকর্ষণ, মুখর চেহারা। তেমনই কণ্ঠ। পূর্বে স্কুলে আবৃত্তির সময় তো বোঝা যেত। এখন তর্কস্থলে আর একরকমের খোলতাই রূপ দেখা গেল। শিক্ষকরা খুব আশান্বিত। আন্তকলেজ তর্ক-প্রতিযোগিতায় তাঁরা মুরারিকে প্রতিনিধিরূপে পাঠাবেন। শুধু বাচনভঙ্গি নয়, মুরারির ধারালো যুক্তি সেই সঙ্গে ঝিলিক দিয়ে উঠত। শ্রোতারা মন্ত্রমুগ্ধ। প্রতিপক্ষ ঘায়েল বা ধরাশায়ী।

এ হেন মুরারি।

কিন্তু ঠিক পাঁচ-ছ’মাস পরে তার মাথার ব্যাধি আবার দেখা দিল। তখন সে আর নিয়মিত ক্লাস করত না। কলেজে গেলে একদিকে চুপচাপ বসে থাকত। ব্যক্তিত্বে, গুণে মুগ্ধ অনেকে মুরারির বন্ধুত্বলোভী। তারা মুরারির ভেতরগোঁজা ভাব দেখে ভাবলে, ‘ব্যাটা ভালো ডিবেটার। সেই গুমরে আর কারো সঙ্গে মিশতে অনিচ্ছুক।’ অনেকে ওর পরিবর্তন দেখে ক্ষুব্ধ। ডিবেটিং ক্লাবেও সে আর রীতিমতো যায় না। যেদিন যায়, প্রতিপক্ষকে প্রায় মেরে বসার উপক্রম করে। তর্ক আর তার কাছে বাকযুদ্ধ নয়। সুযোগ পেলে সে অন্য দলের মাথা গুঁড়িয়ে দিয়ে তবে শান্ত হবে। একদিন তো হাতাহাতি হওয়ার উপক্রম। এক অধ্যাপক মাঝখানে পড়ে ব্যাপারটা আর এগোতে দিলেন না। কলেজের আবহাওয়া সামান্য তেতে রইল। কারণ, দলাদলি। মুরারির সমর্থক অবিশ্যি কম ছিল না। কিন্তু সে নিয়মিত কলেজে যাওয়া বন্ধ করে দিল। প্রথম দিকে তিন চার দিন বাদ যেত হ্নায়। পরে হ্নায় সাত দিন এবং তা আরো গড়িয়ে যেতে লাগল।

মামা বিজয়বাবু ভাগ্নে পরিবর্তনে কোনো খোঁজ পাননি গোড়ার দিকে। মুরারি ভালো ছেলে, লেখাপড়ায় ফাঁকি দেওয়ার অভ্যেস নেই। রেজাল্টই প্রমাণ।

মেসে থাকে মামা-ভাগ্নে। এক কামরায় ডবল সিট। মামা-ভাগ্নে অবিশ্যি কথাবার্তা হয় কম। কিন্তু মুরারির হালেচালে অস্বাভাবিকতা কিছু নেই। কথাবার্তা কম। তা গুরুজনের সঙ্গে বয়োকনিষ্ঠের চিরাচরিত আদবের ব্যাপার। মুরারি কলেজে না গিয়ে শহরের পথে পথে ঘুরে বেড়ায়। পার্কে, গাছতলায় শুয়ে আকাশ-পাতাল বিচরণ করে—মামা এসবের বিন্দুবিসর্গ জানতেন না।

একদিন আপিস যাওয়ার সময় বিজয়বাবুর চোখে পড়ল, ভাগ্নে নিজের সিটে শুয়ে আছে। একটা বই খোলা বুকের ওপর। মামা ভাবলেন, হয়তো ক্লান্তির চোখে একটু বিশ্রাম নিচ্ছে। আপিস থেকে ফিরে এসে তিনি মুরারিকে যে অবস্থায় দেখেছিলেন ঠিক সেই অবস্থায় পড়া শুরু করেছিল। ফলে ক্লান্তির চোটে ওই দশা। কিন্তু টেবিলের ওপর ভাত-তরকারি চাপা রয়েছে। বামনঠাকুরকে বলা আছে, মেসে কারো আবশ্যক পড়লে টেবিলে খাবার ঢাকা দিয়ে রাখবে—সময়মতো যার যখন খুশি খাবে। ঢাকনি তুলে বিজয়বাবু দেখেন, মুরারি কিছু স্পর্শ করেনি।

মামা বিচলিত হয়ে পড়লেন। গোয়ালপোড়া গরুর সিঁদুরে মেঘ-দর্শন। আপিস-ফেরত তিনি নিজেও ক্লান্ত। হাতমুখ ধুয়ে টিফিন সেরে অকুস্থলে পৌঁছলেন।

মুরারি তখনো নির্বিকার, গভীর ঘুমে মগ্ন। মামার অস্তিত্ব কি গতিবিধির খোঁজ তার কাছে ছিল না।

বিজয়বাবু কিছুক্ষণ ভাগ্নের দিকে অপলক তাকিয়ে ডাক দিলেন, ‘মুরারি-মুরারি।’ বেশ কয়েকবার।

মুরারি আচমকা উঠে বসে এবং ঘুমভাঙা উচ্চারণ করে, ‘মামা—!’

—এ কী? তুই এখনো খাসনি? শরীর খারাপ?

—না।

—তবে?

—ক্ষিধে নেই।

—তাহলে শরীর খারাপ।

—না।

কথোপকথনের ভেতর মুরারি একসময় বলে বসে, ‘মামা, আমি মুখহাত ধুয়ে আসি। আপনার সঙ্গে কথা আছে।’

—জলদি আয়। খাবি নে?

—না। অবেলা অসময়ে না খাওয়াই শরীরের জন্যে ভালো।

বিজয়বাবু কিছু আশ্বস্ত হন। মনের চতুর্দিকে নানা আশঙ্কা। আবার কি পুরাতন ব্যাধি ফিরে এলো? অবহেলায় আহার স্বাস্থ্যপ্রদ নয়। এতটুকু যার চেতনায় স্বাক্ষর আছে, তাকে নিয়ে দুশ্চিন্তা অনর্থক।

মেসের উঠানে চৌবাচ্চা। সেখানেই বারোয়ারি স্নানের ব্যবস্থা। একটু পরে মুরারি ফিরে এলো গামছায় মাথা মুছতে মুছতে। সে কেবল মুখহাত ধোয়নি, মাথায়ও প্রচুর জল ঢেলেছে। তা মামার চোখ এড়িয়ে যায়নি।

কে বলবে, ওই ব্যক্তির ভেতর অপ্রকৃতিস্থ হওয়ার কোনো লক্ষণ আছে? এমনকি মুরারি ঠাকুরকে চা দিয়ে যেতে বললে। এক টিনে মামা-ভাগ্নের বিস্কুট থাকে এজমালি। মুরারি তা খেতে খেতে মামাকে জানায় যে, তার মাথায় কয়েক মাস থেকে একটা প্রশ্ন জেগেছে। এখন মাতুলের সঙ্গে আলোচনাসাপেক্ষ।

বিজয়বাবু অমন কথায় মনে মনে খুব খুশি হলেন। তাঁর পূর্বাশঙ্কা তাহলে অমূলক। হয়তো শারীরিক কারণে মুরারি এতক্ষণ ঘুমিয়েছে এবং কিছু খায়নি।

জলখাবার শেষে মাতুল-ভাগ্নের সংলাপ শুরু হলো।

মুরারি। ক’মাস থেকে আমার মনে হচ্ছে, ঈশ্বর সর্বত্র বিরাজমান। মানুষও তা হতে পারে।

বিজয়। তা কী করে সম্ভব?

মুরারি। সম্ভব। কেউ কোনোদিন চেষ্টা করে দেখেছে কি?

বিজয়। তা দেখেনি।

মুরারি। তাহলে কী করে আপনি বলতে পারেন মানুষের পক্ষে সর্বত্র বিরাজমান হওয়া অসম্ভব?

বিজয়। খামকা চেষ্টা করে লাভ কী?

মুরারি। খামকা না। চেষ্টা করে দেখা যাক। যদি সফল না হই, তখন বলা যাবে অসম্ভব।