বিজয়। যদি কেউ বলে আমি প্রশান্ত মহাসাগর এক গণ্ডূষে শুষে নেব, তা কী সম্ভব, না বিশ্বাসযোগ্য?

মুরারি। তা আলাদা ব্যাপার। বিরাজমানতার সঙ্গে তার সম্পর্ক নেই। আমার মতে চেষ্টা করে দেখা উচিত।

বিজয়। অনর্থক চেষ্টা। সম্ভব নয়। সব জায়গায় যাবি কী করে? তোর কাছে মোটর আছে, এরোপ্লেন আছে, না ট্রেন আছে?

মুরারি। ইচ্ছা থাকলে উপায় হয়ে যাবে।

বিজয়। অনর্থক চেষ্টা।

মুরারি। চেষ্টার পর অনর্থক বলতে পারেন। কেউ চেষ্টা করেনি। আমি মানুষের ইতিহাসে পথিকৃৎ হতে চাই। জনপ্রিয়তার একটি লক্ষ্য : মানুষের মধ্যে সর্বত্র বিরাজমানতা। প্রকৃতি বাদ যায়। তা যাক। মানুষের দিক থেকে জনপ্রিয়তার মধ্যে ঐশ্বরিক বিভূতি আছে। তাই মানুষ জনপ্রিয় হতে চায়।

বিজয়। কিন্তু ঈশ্বর নিরাকার। তার পক্ষে সর্বত্র বিরাজমানতা সম্ভব। মানুষের আকার আছে। সে একই সময়ে সর্বত্র কিভাবে বিরাজমান হবে?

মামাও সেদিন সহজে ভাগ্নের নিকট হার মানতে রাজি ছিলেন না।

মুরারি। চেষ্টা করলে হবে।

বিজয়। চেষ্টা—?

মুরারি। হ্যাঁ। কেউ কখনো তা করেনি। আমি বলছি, আমি চেষ্টা করব। সফল হব না কেন। একবার ফেল করলে আবার তেড়ে ধরব। এইভাবে সফল না হলে বুঝব অসম্ভব।

বিজয়। খোকা, তোর মাথায় এই খেয়াল কেন চেপে বসল?

কোনো জবাব দিল না মুরারি। মামা নিজের মনে বলে উঠলেন, ‘সব জায়গায় যেতে টিকিট লাগে, তা বুঝি তোর হিসেবে নেই?’

ভাগ্নে তারও কোনো উত্তর দিল না। বরং সেই মুহূর্তে মেস থেকে বেরিয়ে পড়ল সর্বত্র বিরাজমানতার সাধনায়।

মুরারি রিপোর্ট দিল ওই দিন রাত্রি এগারোটার সময় বাসায় ফিরে। তার প্রথম পরিকল্পনা : সে শহরের এক ইঞ্চি জায়গা বাদ দিবে না যেখানে তার পা বা হাত পড়বে না। বিকেলে বেরিয়ে সে প্রচুর হেঁটেছে। প্রত্যেক জায়গায় তার উপস্থিতি সে এইভাবে জানান দেবে।

মামা বাধা দিলেন না বা কোনো তর্কে গেলেন না। তিনি ভাবলেন : পুরাতন ব্যাধি, বোধ হয়, আবার নতুন আকারে দেখা দিয়েছে।

মুরারির বাড়িতে এসব খবর পৌঁছাল না।

মামার জিদেই সে শহরে পড়াশোনা শুরু করে। এখন সব অপরাধের বোঝা তার মাথার ওপর পড়বে। তাই তিনি স্থির করলেন, কী ঘটে দেখা যাক আরো কিছুদিন। নেহাত বেগতিক কিছু হলে ওকে আবার গাঁয়ে ফিরিয়ে নেয়া যাবে।

তেমন কোনো গোলমাল বাধায় না মুরারি। খেয়ালমতো সে বেরিয়ে যায় আবার আস্তানায় ফিরে আসে। মেসে বিজয়বাবুকে সকলে শ্রদ্ধা করে। তিনি তাদের পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিলেন। কোনো ভায়োলেন্ট, উগ্র পাগল নয়। মাথায় কিছু ছিট আছে। তাই আচরণ অস্বাভাবিক। নচেৎ মেসে কোনো উচ্ছৃঙ্খলতা নেই তার।

মুরারির লেখাপড়া শিকেয় উঠেছে, তা বলা চলে না। মাঝে মাঝে সে কলেজে যায়, ক্লাস করে। তখন তার মধ্যে পাগলামির সামান্য রেশ পর্যন্ত পাওয়া যায় না। বিজয়বাবু তাই ভাগ্নে সম্বন্ধে আশান্বিত। এসব একদিন কেটে যাবে।

কিন্তু তেমন কোনো লক্ষণ দেখা গেল না।

মেসে খবরের কাগজ নেওয়া হয়—একখানা ইংরেজি ও একখানা বাংলা দৈনিক। মুরারি প্রথমে সভাসমিতির কলামে নজর রাখে। বড় বড় মিটিং হলে তো আর কথা নেই। সে ঠিক সময়মতো পৌঁছে যাবে। কিন্তু সভায় কিছু শোনার প্রয়োজন নেই তার। সে এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকবে! রামঃ, রামঃ! তেমন বান্দা নয় মুরারি। সে সভায় এক প্রান্ত থেকে উজিয়ে আরেক প্রান্তে গিয়ে ঠেকবে। ভিড় থাকলে তা ঠেলে ঠেলেই এগোবে। সভা শেষে মেসে ফিরে সে মামাকে দেবে রিপোর্ট। মিটিংয়ের নয়, তার নিজের। ‘যদ্দূর পারা যায় আমি নিজেকে ছড়িয়ে দিচ্ছি। ঈশ্বরের সঙ্গে আমার প্রতিযোগিতা।’ এমনধারা মন্তব্য করত মুরারি মামার কাছে। বেশির ভাগ ক্ষেত্রে হাঁ-হুঁ করে তিনি সেরে দিতেন। আবার মাঝে মাঝে সতর্কবাণী শোনাতেন।

—শোনো বাপু, ঈশ্বরের সঙ্গে খামকা লড়তে চাও কেন?

—কেউ লড়ে না, আমি লড়ে দেখতে চাই!

—অসম প্রতিযোগিতা। কোথায় দুনিয়ার স্রষ্টা আর কোথায় তুমি! কোথায় রাজাভোজ আর…। বাক্য অসমাপ্ত থাকে।

—তবু চেষ্টা ভালো।

—অসম প্রতিযোগিতা আখেরে সব্বনাশ টেনে আনে।

—মামা, ওসব বস্তাপচা বুলি রেখে দিন।

এমন অবজ্ঞার সুরে মুরারি কোনোদিন গুরুজনের সঙ্গে কোনো কথা উচ্চারণ করেনি।

মামা তো ভাগ্নের সব খবর রাখতেন না। তিনি ছাপোষা কেরানি মানুষ। নিজের চাকরি এবং ঝামেলা নিয়ে মানসিকভাবে ক্লান্ত। কাজেই মুরারির সব হালচালের খবর রাখা তার পক্ষে সম্ভব ছিল না।

একদিন মুরারি শহরের জলের ট্যাংকের ছাদের কাছাকাছি পৌঁছে বক্তৃতা জুড়ে দিয়েছিল। পথচারীরা বিস্মিত, যেকোনো মুহূর্তে একটা দুর্ঘটনার আশঙ্কা তারা করছিল। লোক জমে গেল তামাশা দেখতে। শেষে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলো। তারা সে সিঁড়ি বেয়ে মুরারির কাছাকাছি পৌঁছে নানা আর্জি-মিনতি করে। পরে সুবোধ বালকের মতো মুরারি নেমে আসে। নামাও তো কম বিপজ্জনক নয়। খুব গালাগাল খেয়েছিল সেদিন মুরারি পুলিশের কাছে।

বিজয়বাবু ভাগ্নের এসব কীর্তিকলাপ সম্পর্কে আদৌ ওয়াকিবহাল ছিলেন না। কারণ, খবর পৌঁছত না তাঁর কাছে। উপরিউক্ত খবর তিনি কাগজে পড়েছিলেন, ‘খামখেয়ালি যুবকের কাণ্ড’ শীর্ষক এক প্রতিবেদনে। তিনি ভাবতে পারেননি গুণধর যুবক তাঁর ভাগ্নে। রিপোর্টে নামের উল্লেখ ছিল না।

আর একবার টেলিফোনের তারগুচ্ছের ওপর বসে গান গাইতে শুরু করেছিল মুরারি। ইলেকট্রিক তার হলে তো চরম একটা কিছু ঘটে যেত।

বিজয়বাবুর জবাবদিহি ছিল নিজের বিবেকের কাছে। তাঁর পরামর্শেই তো ভাগ্নে আজ শহরে। তবে তখনো তিনি হাল ছাড়ার বান্দা নন। ভাবতেন ব্যাধি সাময়িক এবং পূর্বের মতো একদিন সেরে যাবে।

কলেজের ছুটিতে বাড়ি যায়নি মুরারি। বাবার চিঠি আসে। মামা উত্তর দেন। বাহানার অভাব হয় না। পরীক্ষা প্রস্তুতি বা ওই জাতীয় আর কিছু। গাঁয়ে গেলে ঘুরে বেড়াবে, পড়াশোনার ক্ষতি হবে।

কিন্তু পরিস্থিতি কূলে ওঠে না। মামা-ভাগ্নের সংলাপ তিক্ত হতে থাকে।

—খোকা, ঈশ্বরের সঙ্গে কি মানুষ পারে?

—হয়তো পারে না। কিন্তু চেষ্টা করে দেখা উচিত। জানো, মামা—।

মামা ভাগ্নের মুখের দিকে তাকান। ওদিকে বাক্যস্রোত যথা-প্রবাহিত, ‘আমি আজকাল কোনো বড় মিটিং বাদ দিইনে। সব জায়গায় যাই। সর্বত্র বিরাজমানতার এই এক উপায়।’

কীভাবে? কৌতূহলে মাতুলের প্রশ্ন।

মিটিংয়ে হাজার হাজার লোক জমে। সেখানে তাদের নিশ্বাস মিশে যাচ্ছে। তুমি এক জায়গায় থেকেও আর একই জায়গায় নেই। তোমার নিশ্বাস তখন প্রবাহপথ পেয়েছে, ধেয়ে চলেছে ওই জোয়ারে।

ভাগিনা থামে। সে ফিলসফির ছাত্র এবং ভালো ছাত্র। মামা আর তর্কে প্রবৃত্ত হন না। আপন দুর্বলতা-সচেতন মামা তাই কথার মোড় ফেরাতে বলেন, ‘খোকা, অসম প্রতিযোগিতা আসলে ভালো নয়। ঈশ্বরের সঙ্গে বেয়াদবি পাপ। তা আখেরে সর্বনাশ ডেকে আনে।’

—বাজে কথা। আমি কোনো বেয়াদবি করছি না, আমি মানুষ হিসেবে চেষ্টা করছি।

মামা হটে গেলেন। কিন্তু ভবিষ্যদ্বাণী ফলতে বেশি দেরি লাগল না।

সাধারণত যেখানেই যাক, মুরারি রাত্রি দশটা কি এগারোটার মধ্যে ফিরে আসত। মামা নিশ্চিন্ত থাকতেন। অন্তত নিরাপত্তার জ্ঞান হারিয়ে ফেলেনি তাঁর ভগিনীপুত্র।

শীতের এক রাত্রে মুরারি বিছানা ছেড়ে বাইরে পা বাড়িয়েছিল। মামা আদৌ টের পাননি। মুরারির সেই রাত্রির অ্যাডভেঞ্চার পুলিশ ও অন্যান্য সূত্র ধরে পরে রিপোর্টের আকারে পাওয়া যায়।