কোটি টাকার মালিক হতে
সততাও যায় বেচা,
পিএস এখন মিনিষ্টারে
কোকিল পাখি হয় পেঁচা।

দেশের যদি হয় এই হাল
আমরা যাবো কোথায়রে?
ময়না পাখি কয়না কথা
কইছে কথা তোতায়রে।

কাক পাখিটার পাল্টে কালার
হঠাৎ করে হলুদ হয়
ওরাই সমাজ নষ্ট করে
আমাদেরই দু:খ ভয়।

ভালো জিনিস মন্দ বানায়
আলো সবই অন্ধকার
মজুমদারের কথা শুনে
হাসেন খুবই খন্দকার।

উল্টা পথে চলছে সবে
ওসব পথের খুব কদর
কুল কিনারায় ঘুরছে সবে
খুঁজতে যায়না কেউ সদর।

সবাই এখন ব্যস্ত সবার
পাকা ধানে মই দিতে
পরের কথা কে ভাবে আর
নিজে সবই নেয় জিতে।

দিবা রাতি যা-ই বলি
বেচা কেনা চলে সব
এই দুনিয়ার বেহাল দশা
বাংলা হতে সেই আরব।