পার্বতীপুর স্টেশনে নেমেই সুজয়ের গা-টা ঝাঁ ঝাঁ করে উঠল। দু-চোখের কোণ জ্বালা করতে লাগল একটু একটু, আঙুলের ডগাও ভোঁতা-ভোঁতা লাগল। জুন মাসের দুপুর, গনগন করছে রোদ, তাও সুজয়ের হঠাৎ শীত লাগল। জ্বর আসবার সময়ে এইরকম হয়।
স্টেশনটা ছোটোখাটো, অতিসাধারণ। বাবা ট্রেন থেকে মালপত্র নামাচ্ছেন, মা আর দিদি একপাশে দাঁড়িয়ে বাক্স-প্যাঁটরা গুনছে। সুজয় একটু দূরে সরে গেল। ধুৎ বেড়াতে এসে জ্বর হবার কোনো মানে হয়? মা টের পেলেই বিছানায় শুইয়ে রাখবেন।
কুলির মাথায় মালপত্র চাপিয়ে ওরা উঠল ওভারব্রিজে। মাঝামাঝি আসবার পর সুজয়ের মনে হল ব্রিজটা কোথায় যেন ভাঙা। তক্ষুনি কুলিটি বলল, ‘দেখবেন বাবু, সাবধান, সামনে দুটো কাঠ ভাঙা আছে।’ সুজয় অবাক হয়ে গেল—ওই কথাটা হঠাৎ তার মনে হল কেন? সে তো ভাঙা জায়গাটা দেখতে পায়নি। দু-খানা তক্তা নেই সেখানে, কেউ অন্যমনস্ক থাকলে গলে নীচে পড়ে যেতে পারে।
স্টেশনের বাইরে একটিমাত্র নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে, আর কয়েকখানা সাইকেল-রিকশো।
বাবা বললেন, ‘ওই যে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে।’
বাবার বন্ধু রঞ্জিতকাকুর মামাবাড়ি পার্বতীপুরে। রঞ্জিতকাকুর মামারা একসময়ে এখানকার জমিদার ছিলেন। এখন তো আর জমিদারি নেই। কিন্তু সেই আমলের একটা প্রকান্ড বাড়ি আছে। বড়ো বড়ো দুটো দিঘি আর ফলের বাগান আছে। রঞ্জিতকাকু প্রায়ই পার্বতীপুরের এই বাড়ির গল্প করতেন, তাই বাবা একদিন বলেছিলেন, ‘ব্যবস্থা করে দাও না, আমরা ওখানে কিছুদিন থেকে আসি।’
রঞ্জিতকাকু বলেছিলেন, ‘কোনোই অসুবিধে নেই।’ তাঁর এক মামা এখনও সেখানে থাকেন। অন্য মামারা থাকেন কলকাতায়, গ্রামে আর আসতে চান না। কিন্তু তাঁর মেজোমামা এখানেই থাকতে ভালোবাসেন। তিনিই এ বাড়ির দেখাশুনো করেন।
রঞ্জিতকাকু তাঁর মেজোমামাকে চিঠি লিখে সব ব্যবস্থা করে দিয়েছেন। তিনি নিজেও সঙ্গে আসবেন ঠিক করেছিলেন, কিন্তু শেষমুহূর্তে আটকে গেছেন কাজে।
একটা মস্তবড়ো গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে নীল রঙের গাড়িটা। সুজয় বেশিরভাগ গাছই চেনে না, কিন্তু এটা যে অশ্বত্থগাছ তা চিনতে পেরেছে। পার্বতীপুর স্টেশনের বাইরে একটা গাছ থাকবে তাও যেন সে জানত।
সুজয়ের একই সঙ্গে শীতও করছে, গরমও লাগছে।
গাড়ি থেকে একজন লম্বা, শুকনো চেহারার লোক নেমে বিনীতভাবে হাতজোড় করে বলল, ‘মেজোবাবু নিজে আসতে পারেননি। আপনাদের ট্রেনে আসতে কোনোরকম অসুবিধে হয়নি তো? দয়া করে গাড়িতে উঠে বসুন।’
লোকটির মুখের দিকে তাকিয়ে সুজয়ের মনে হল লোকটা মিথ্যে কথা বলছে!
গাড়িটা স্টার্ট নেবার সময় প্রচুর শব্দ করল। এমন ফট ফট দুমদাম শব্দ যেন যুদ্ধ শুরু হয়ে গেল। কয়েকটা বাচ্চা ছেলে গাড়িটার গায় হাত বুলোচ্ছিল, তারা ওই শব্দ শুনে দূরে সরে গেল ভয়ে।
একটুখানি পাকারাস্তার পরই গাড়িটা নেমে পড়ল মাঠের মধ্যে। সেইখান দিয়েই চলতে লাগল ধুমধামের সঙ্গে। গাড়িটা লাফাচ্ছে যেন ঘোড়ার মতন!
ড্রাইভার মুখ ফিরিয়ে বলল, ‘গত বছর বন্যায় এদিককার রাস্তা সব ভেঙে গেছে তো। গাড়ি চালাবার উপায় নেই।’
বাবা বললেন, ‘তাহলে গাড়ি আনলেন কেন? আমরা কুলির মাথায় মালপত্র চাপিয়ে না-হয় হেঁটেই যেতুম। বেশিদূর তো নয়।’
ড্রাইভার বলল, ‘না, বেশিদূর নয়, এই মাত্র মাইল পাঁচেক।’
বাবা বললেন, ‘অ্যাঁ? রঞ্জিত যে বলেছিল স্টেশনের কাছেই বাড়ি!’
ড্রাইভার বলল, ‘হ্যাঁ, আগে খুব কাছে ছিল, এখন যে রেলস্টেশনটা দূরে সরে গেছে!’
সুজয় বসে আছে ড্রাইভারের পাশে, তার এসব কোনো কথাই বিশ্বাস হচ্ছে না।
মিনিট দশেক যাবার পরেই গাড়িটা ক্যাঁকর-কোঁ ভুরর-ভট শব্দ করে একেবারে থেমে গেল। ড্রাইভার নেমে গিয়ে, বনেট খুলে খুটখাট আরম্ভ করল।
মা বাবার দিকে ফিরে বললেন, ‘আমি বলেছিলুম পুরী যেতে। শুনলে না তো আমার কথা!’
ড্রাইভার উঁকি মেরে বলল, ‘উপায় নেই, ঠেলতে হবে।’ সবাই নেমে পড়ল গাড়ি থেকে। রোদ একেবার ঝাঁ ঝাঁ করছে, তবে গতকালই বোধহয় বৃষ্টি হয়েছিল, মাঠের এখানে-সেখানে জল জমে আছে। মা তো কাদার মধ্যেই পা দিয়ে ফেললেন। ড্রাইভার বলল, ‘সাবধান, দেখবেন এখানে বড্ড সাপখোপের উপদ্রব, কালই একজনকে সাপে কেটেছে।’
দিদি তাই শুনে এক লাফ দিল।
বাবা জিজ্ঞেস করলে, ‘সাপে কেটেছে মানে সাপে কামড়েছে?’
‘আজ্ঞে হ্যাঁ।’
‘কোথায়? এই মাঠে?’
‘মাঠে তো সাপের কামড়ে প্রায়ই এক-আধজন মরে। কাল একজন মরেছে আমাদের রাজবাড়িতেই।’
মা বললেন, ‘স্টেশনটা তো বেশ কাছে। ফিরে গেলে হয় না?’
বাবা বললেন, ‘আহা, আগেই অত ভয় পাচ্ছ কেন?’
মাঠের সামনে একটা উঁচু বাঁধ। গাড়িটা অনেক কষ্টে ঠেলে তোলা হল ওপরে। সবাই দারুণভাবে হাঁপাতে লাগল। সুজয়ের শরীরটা কাঁপছে। ঠিক ম্যালেরিয়া রুগির মতো।
ড্রাইভার বলল, ‘এইবার উঠে বসুন, আর চিন্তা নেই।’
গাড়ি চলতে শুরু করল আবার। সুজয়ের মনে হল গাড়িটা আসলে খারাপ হয়নি। লোকটি ইচ্ছে করে ঠেলালো ওদের দিয়ে। মাঠটা পার করে দিল এইভাবে।
বাঁধের ওপরে বেশ ভালো রাস্তা। একটু বাদেই সেটা গিয়ে মিশেছে পাকারাস্তায়। তারপর আবার মিনিট দশেক চলার পর একটা মোড় এল। রাস্তার মাঝখানটা গোল করে বাঁধানো। তার সামনে, বাঁ-দিকে আর ডানদিকে তিনটে রাস্তা বেরিয়ে গেছে। গাড়িটা বাঁ-দিকে বেঁকতেই সুজয় বলে উঠল, ‘ডান দিকে।’ মা, বাবা, দিদি সবাই তার দিকে তাকাল। ড্রাইভারও ঘচ করে ব্রেক কষে সুজয়ের দিকে চেয়ে রইল।
সুজয় দৃঢ়ভাবে বলল, ‘এবার ডান দিকে যেতে হবে।’
ড্রাইভারটি কাঁচুমাচুভাবে বলল, ‘হ্যাঁ, আমারই ভুল হয়ে গেছে। এদিকে তো বেশি আসা হয় না!’
পেছনের সিট থেকে দিদি মুখ ঝুঁকিয়ে জিজ্ঞেস করল, ‘তুই কী করে জানলি রে?’’
সুজয় কোনো উত্তর দিল না। দিদি তার ঘাড় ছুঁয়েছে। কিন্তু চমকে উঠল না তো। সুজয়ের তো এখন জ্বরে পুড়ে যাবার কথা। তবে কি তার জ্বর হয়নি?
রাস্তাটা আবার ডান দিকে বাঁক নিয়েছে। সেখানে মোড় ফেরবার আগেই সুজয় আবার বলে উঠল, ‘আমরা এসে গেছি।’ বাবা বললেন, ‘যা:, পাঁচ মাইল দূর বলল যে।’ ড্রাইভার এবার রীতিমতন ভয়ে ভয়ে সুজয়ের দিকে চোরা চাহনি দিল।
গাড়িটা ডান দিকে ঘোরার একটু পরেই দেখা গেল গাছপালার আড়ালে একটা বিশাল বাড়ি। জমিদারবাড়িকে গ্রামের লোক রাজবাড়ি বলে। সত্যি রাজবাড়ির মতন দেখতে। সামনে প্রকান্ড লোহার গেট, দু-পাশে দু-টি গম্বুজ। গেটের পর সুরকি বিছানো পথ, তার দু-দিকে নানারকম ফুলের গাছ আর পাথরের পরি। তারপর বাড়িটা যেন দুর্গের মতন।
গেট দিয়ে গাড়িটা ঢোকার সঙ্গেসঙ্গে সুজয় বলল, ‘বাবা, এই বাড়িতে আমি আগে এসেছি।’
বাবা বললেন, ‘সে কী? তুই কী করে আগে আসবি এখানে? আমি নিজেই কখনো আসিনি।’
সুজয় বলল, ‘এই জায়গাটা আমার খুব চেনা। এই বাড়িটাও।’
দিদি বলল, ‘এরকম অনেক বাড়ি ছবিতে দেখা যায়। দেখলেই মনে হয় চেনা-চেনা।’
সুজয় বলল, ‘না, সেরকম নয়, এই জায়গায় আগে এসেছি।’
মা বললেন, ‘আমরা কেউ আসিনি। তুই কি একা এসেছিস?’
গাড়িটা এসে থামল বাড়ির সামনে। থাক থাক সিঁড়ি উঠে গেছে। তারপর পেতলের বল্টু লাগানো একটা মস্তবড়ো কাঠের দরজা। গাড়ির আওয়াজ পেয়েও কেউ বাইরে বেরিয়ে এল না।





মন্তব্য (০)
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!