ধনী ভদ্রলোকটি হিউগ্‌সের কাছে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল, তোমার কী হয়েছে? তখন সে বলল, আমি এক গরিব ছেলে, অনাহারে ভুগছি, আমাকে দয়া করে একটা পয়সা দিয়ে সাহায্য কর লোকটি বলল, আহা গরিব বেচারা, তোমায় একটা কেন তিনটা পয়সা দিয়ে সাহায্য করব। ছেলেটি বলল, জনাব দয়া করে যদি আমাকে একটু ধরে ধরে আমার বাড়ি পৌঁছে দেন। এমনি সময় রাজকুমার চিৎকার করে উঠল, ও আমার ভাই নয়, সে একজন ভিক্ষুক ও চোর, আপনি লক্ষ করলে দেখতে পাবেন যে, সে আপনার পকেট কেটেছে। আপনার লাঠির এক বাড়িতে ওর সব ভান পালাবে। একথা শোনার সঙ্গে সঙ্গে হিউগ্‌স দৌড়ে পালাল।

রাজকুমার সুযোগ খুঁজছিল। সে ভাবল এখন যদি আমি না পালিয়ে যাই তাহলে হিউগ্‌স ভিক্ষুকদের নিয়ে এসে আমায় তাড়া করবে। সে সমস্তটা দিন কৃষকদের জমির চারিদিক দিয়ে ঘুরে বেড়াল। সন্ধ্যার দিকে এক বনের ধারে এসে হাজির হলো। এখানে দূরে একটা কুটিরে আলো জ্বলতে দেখে সে সেখানে গিয়ে হাজির হলো। এই কুটিরটা ছিল একজন ঋষিতুল্য সন্ন্যাসী। রাজকুমার ভিতরে গিয়ে পরিচয় দিল যে সে ইংল্যান্ডের রাজা। কুটিরের ভিতরের সন্ন্যাসী বলল, আসো ভিতরে আসো। আমার এখানে কাউকে জায়গা দিই না, তবে রাজার জন্য নিশ্চয়ই আমার জায়গা আছে। রাজকুমারকে সম্বোধন করে সন্ন্যাসী বলল, আমার তোমাকে বিচার করার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি তোমাকে একটি গোপন তথ্য বলব, আমি সন্ন্যাসী নই। আমি হলাম একজন ফেরেস্তা। তুমি তাহলে হেনরির ছেলে, সে কী বেঁচে আছে? রাজকুমার বলল, না কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়েছে।

সন্ন্যাসী তাকে খাইয়ে দাইয়ে বিছানায় ঘুমোতে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে সন্ন্যাসী এসে তাকে বলতে লাগল, তুমি তো জানো না তোমার বাবা আমার ওপর অত্যাচার করেছে। আমাকে ধর্ম থেকে বিতাড়িত করেছে। আমাকে ও আমার অনুসারীদের দেশ থেকে তাড়িয়েছে। এই জঙ্গলে আমি পালিয়ে আছি। যখন বুঝতে পারল যে রাজকুমার ঘুমিয়ে তখন সে বলল, যতক্ষণ বেঁচে আছ সুখস্বপ্ন দেখে নাও। এই বলে সে বড় পাথরে ছুরি শান দিতে লাগল আর বলতে লাগল, তোমার বাবা আমার হাত থেকে বেঁচে গেছে, তুমি বাঁচবে না। তারপর সে তার হাত পা ও মুখ দড়ি ও কাপড় দিয়ে বাঁধল। তারপর সন্ন্যাসী যেইমাত্র ছুরি উঁচিয়ে রাজকুমারকে হত্যা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজায় কে যেন কড়া নেড়ে জিজ্ঞাসা করল, বাসায় কে আছে? রাজকুমার সেই স্বর শুনে ভাবল, এ তো সেই সৈনিক বন্ধুর গলা। সন্ন্যাসী দরজা খুলে দিতেই সৈনিক জিজ্ঞাসা করল, ছেলেটি কোথায়? সন্ন্যাসী বলল, কোন ছেলে? তখন সৈনিক রেগে গিয়ে বলল, যে ছেলেটা চুরি করেছিল তাকে আমি শাস্তি দিয়েছি। এখন তোমার এখানে যে এসেছে সে ছেলেটি কোথায়?

সন্ন্যাসী প্রথমে নানা কথা বলে তাকে ফাঁকি দিতে চাইল। কিন্তু সৈনিকের চাপের মুখে সন্ন্যাসী রাজকুমারকে সৈনিকের হাতে তুলে দিল। সৈনিক তখন সেই কেনা পোশাক রাজকুমারকে পরিয়ে গ্রাম থেকে দুটি গাধা কিনে এনে তাতে চড়ে শহরের দিকে রওনা হলো।

শহরে হেনডেন হলে এসে তারা পৌঁছল। এই হেনডেন হলটা ছিল সৈনিকের বাড়ি। সৈনিক বাড়ির কড়া নাড়তেই তার ভাই বেরিয়ে আসল। সৈনিক তখন বলল, আরে আমার ভাই। উহ্! প্রায় সাত বছর পরে তোমার সঙ্গে দেখা। কিন্তু তার ভাই তাকে না চেনার ভান করে বলল, আপনি কে? সৈনিক বলল, আমি তোমার ভাই মিল। তুমি কি আমাকে চিনতে পারছ না? তখন তার ভাই বলল, আমার ভাই! সে তো কবে প্রায় তিন বছর হলো যুদ্ধে মারা গেছে। তুমি একজন জালিয়াত। সৈনিক বলল, তুমি মিথ্যা বলছ। ঠিক আছে তোমার বাবাকে ডাকো। বাবা মারা গেছেন। উহ্! বড় দুঃখের সংবাদ, তাহলে লেডি এডিথকে ডাকো। কিছুক্ষণ পরে সৈনিকের ভাই এক সুন্দরী মেয়েকে নিয়ে হাজির হলো ও জিজ্ঞাসা করল, বলো তো এই লোকটাকে তুমি চেনো কী না? লেডি এডিথ বলল, এ লোকটাকে জীবনে আমি কখনো দেখিনি। সৈনিক রেগে গিয়ে চিৎকার করে বলল, বদমাইশ, মিথ্যুক, তুমি নিজে চিঠি লিখে জানিয়েছ যে আমি মরে গেছি এবং তারপর আমার বাগদত্তাকে বিয়ে করেছ। আমার সামনে থেকে দূর হও, নচেৎ তোমায় আমি হত্যা করব। এই বলে তার ভাইকে আক্রমণ করল।

আক্রান্ত ভাইয়ের চিৎকারে সব চাকর এসে হাজির। তখন সৈনিকের ভাই হিউগ বলল, সব দরজা বন্ধ করে দাও যেন এই জালিয়াত পালাতে না পারে। সৈনিক বলল, আমি পালাচ্ছি না, যে পর্যন্ত আমি ন্যায়মতো হেনডন হলের উত্তরাধিকারী হচ্ছি। রাজকুমার বলল, সত্যি বড়ই আশ্চর্যের বিষয়। সৈনিক বলল, হিউগ ছোটবেলা থেকেই বদমাইশ আর জোচ্চোর স্বভাবের ছিল। রাজকুমার বলল, আমি ভাবছি যে আমাকে খোঁজার জন্য এখনো কোনো সৈন্য পাঠানো হলো না কেন? সৈনিক মনে মনে বলল, আহা! বেচারার রাজকীয় দুঃস্বপ্ন এখনও যায়নি। রাজকুমার বলল, আমি আমার সমস্ত ঘটনা এ কারণে লিখে রেখেছি। এটা তুমি আগামীকাল আমার চাচা লর্ড হাটফোর্ডের কাছে পৌঁছে দেবে। সৈনিক বলল, ঠিক আছে।

ঠিক এমনই সময় একটা নারীকন্ঠ ভেসে আসল: দয়া করে একটু থামুন স্যার। সৈনিক বলল,বাগদত্তা বধূ এডিথ, তুমি এখনো আমাকে না চেনার ভান করছ। এডিথ বলল, আমি দুঃখিত স্যার, না, আমি না-চেনার ভান করছি না। আমি আপনার জন্য সমবেদনা অনুভব করছি। কারণ আপনি মিলসের মতো দেখতে। আপনি আমার স্বামীকে বিরক্ত করলে সে আপনাকে হত্যা করবে। সৈনিক বলল, না একথা সত্যি নয়। তুমি সমবেদনা জানাতে আসনি, তুমি আমায় ভালোবাস তাই এসেছ।

ঠিক এমনি সময় পুলিশ এসে দরজা খুলে সৈনিক ও রাজকুমারকে জেলখানায় নিয়ে গেল। জেলখানায় তাদের কয়েকদিন কাটল। তারপর একদিন একজন পুরোনো চাকর এসে সৈনিকের সঙ্গে লুকিয়ে দেখা করল। সে বলল, হুজুর আমি মনে করেছি আপনি মারা গেছেন। আপনাকে আবার জীবিত দেখলাম এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সৈনিক বলল, এন্ড্রু আমি জানতাম তুমি আমার বিরুদ্ধে যাবে না।

প্রতিদিনই এন্ড্রু সৈনিকের সঙ্গে দেখা করে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে যেতে লাগল। এন্ড্রু বলল, এডিথ হিউগকে বিয়ে করেছে কিন্তু সে মোটেও সুখী নয়। সে এখনো আপনাকে ভালোবাসে। আপনার ভাই হিউগ আমাদের শাসিয়েছে আমরা কেউ যদি আপনাকে চিনি বলে পরিচয় দিই তাহলে সে আমাদের হত্যা করবে। এখন রাজার অভিষেক হবার পরে নতুন রাজার অনুগ্রহে সে অনেক কিছু করবে বলে আশা করছে।

রাজকুমার জিজ্ঞাসা করলেন অভিষেক উৎসব কবে? সৈনিক মিলসকে বলল, তারা আর কাউকে সিংহাসনে বসাচ্ছে। আমাদের ওয়েস্টমিনিস্টার গির্জায় যেতে হবে এবং যে করেই হোক এই অভিষেক উৎসব বন্ধ করতে হবে। সৈনিক বলল, কালই আমার বিচার হবে, ঠিক সময়মতোই সেখানে পৌঁছাতে পারব।

পরের দিন বিচারে মিলের দুদিনের জেল হবার আদেশ শোনার সঙ্গে সঙ্গে রাজকুমার বললেন, হে জজ, আপনি কেমন করে এর প্রতি অবিচার করতে পারেন? আমি আপনাকে হুকুম দিচ্ছি একে মুক্তি দিন। বিচারক সঙ্গে সঙ্গে বললেন যে এই বোকা ছেলেটাকে কয়েক ঘা বেত লাগাও। তাহলে তার জিহবা সংযত হবে। সৈনিক নিজে বিচারকের কাছে মিনতি করল যে বালকটি বড় দুর্বল। বালকের ভাগের চাবুক আমাকে মারার অনুমতি দিন।

উত্তম প্রস্তাব, এই বেওকুফকে এক ডজন চাবুক কষে লাগাও। চাবুক খাওয়া শেষে জেলখানার ভিতরে রাজকুমার সৈনিককে বলল, তুমি সব লোক থেকে মহান এবং তোমাকে আজ থেকে আরল খেতাবে ভূষিত করলাম।

দুইদিন পরে তারা দুজনেই কারামুক্ত হয়ে লন্ডনের পথে রাজার অভিষেক দেখার জন্য রওনা হলো। সৈনিক ভাবছিল এ যাত্রায় দুটা কাজ হবে। এক : রাজকুমারের ইচ্ছা পূরণ হবে, আর দুই : আমার বাবার এক পুরোনো বন্ধুর সঙ্গে রাজপ্রাসাদে আমার দেখা হয়ে যাবে। তারা লন্ডনে ঢোকার পরে দেখল সবাই উৎসব মেতে আছে। হঠাৎ একজন বলে উঠল, তুমি ধাক্কা দিয়ে আমার হাতের পেয়ালা ফেলে দিলে কেন? অন্যজন উত্তর দিল যে সে ইচ্ছা করে ধাক্কা দেয়নি। এখন তুমি কী করতে চাও?

এমনিভাবে কথা কাটাকাটি করতে করতে শেষে হাতাহাতি শুরু হলো এবং সব লোক এই গন্ডগোল দেখে এদিকে-সেদিকে ছুটে পালাতে লাগল। এর মধ্যে সৈনিক ও রাজকুমার বিচ্ছিন্ন হয়ে পড়ল। যাক, গন্ডগোল শেষে খুঁজে পাওয়া যাবে এই মনে করে রাজকুমার একাই নিজে অভিষেক দেখার জন্য রাজপ্রাসাদের দিকে রওনা হলো। পথ চলতে চলতে রাজ্যের সব অনাচার তার চোখের উপর ভেসে উঠল। আর সে মনে মনে ভাবছিল যে আমি সিংহাসনে আরোহণ করার পরে এইসব অন্যায় ও অনাচার দূর করতে চেষ্টা করব।

এদিকে রাজপ্রাসাদে টম ক্যান্টির জন্য আজ দিনটা বড় আনন্দের। তাকে ভালো ভালো কাপড় পরানো হলো। বিভিন্ন খাবারও এল। সে মনে মনে ভাবল রাজা হওয়ায় ভারি মজা এবং অভিষেকে যাবার পথে সে আরও আনন্দিত হলো। তার হাতে কয়েক থলি মুদ্রা গরিবের মধ্যে ছুড়ে ছুড়ে তা বিতরণ করার জন্য দেয়া হলো। সে গাড়িতে বসে ছুড়ে ছুড়ে তা বিতরণ করছিল। এমনি সময় ভিড়ের মধ্যে সে তার মাকে দেখতে পেল এবং তার অজান্তেই তার হাত মাথায় চলে গেল। এদিকে তার মাও তাকে চিনতে পারল, ‘টম আমার টম’ বলে গাড়ির দিকে ছুটে আসছিল কিন্তু গাড়ির প্রহরীরা তাকে আটকে ফেলল। তখন টম তার মন্ত্রণাদাতাকে বলল, এই প্রৌঢ় মহিলাটি আমার মা। এই কথা শুনে হাটফোর্ড তাড়াতাড়ি আর্চ-বিশপের সঙ্গে পরামর্শ করে বলল যে, রাজকুমারের পাগলামিটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কাজেই অভিষেকের কাজটি তাড়াতাড়ি শেষ করলেই ভালো হয়।